বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ৫:২৪ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি, বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬ কার্যক্রম পরিদর্শন করেছেন। সোমবার (১৩ জুলাই) বরিশাল জেলার রহমতপুরে ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রম তিনি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

প্রশিক্ষণ এলাকায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশাল এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম খায়ের উদ্দীন, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশলের বাস্তব প্রয়োগ, মৌখিক আদেশ প্রদান, উদ্ভাবিত বিভিন্ন সমরাস্ত্র প্রযুক্তির ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন।

এ সময় তিনি সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চলমান প্রশিক্ষণের মান, পেশাদারিত্ব ও অভিযানিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন

সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর আস্থা রয়েছে। তিনি পেশাদার প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ অভিযানিক প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য উপস্থিত ছিলেন।