যুগপৎ আন্দোলনের শরিকদের নৈশভোজে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, আজ যমুনায় বৈঠক
যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে অংশ নেওয়া যুগপৎ শরিক দলগুলোর নেতাদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আমন্ত্রিত রাজনৈতিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
তিনি আরও জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের শরিক বিভিন্ন দলের প্রায় দেড় শতাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রিত নেতাদের কাছে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
এ ছাড়া অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।
আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে। সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।





