মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চার সদস্য, রাতে বঙ্গভবনে শপথ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:৪৩ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়াবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: অসহায় মানুষের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রতিবন্ধীদের দিলেন অটোরিকশা

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া চারজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি মন্ত্রিসভায় আরও পরিবর্তন আসতে পারে। সম্ভাব্য রদবদলের তালিকায় বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রয়েছে।

আরও পড়ুন: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

এদিকে নতুন রাষ্ট্রপতির শপথ উপলক্ষে বঙ্গভবনের দরবার হলের প্রস্তুতিও শেষ হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা করছে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

অনুষ্ঠানের আমন্ত্রণপত্র অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় দরবার হলে প্রবেশ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ভারপ্রাপ্ত স্পিকার রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন।

এর আগে গত ২৪ জুলাই আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংবিধানের বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

৩৪৯ জন সংসদ সদস্যের ভোটার তালিকা থাকলেও বৈধ ভোট পড়ে ৩৪৩টি। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। অলি আহমদ পান ৮৮ ভোট। ভোট গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ফলাফল ঘোষণা করেন। পরে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল নিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। এরপর প্রায় ৩৫ বছর কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ায় এবার একাধিক প্রার্থী থাকায় আবারও ভোটের আয়োজন করা হয়।