নিকলীতে গভীর নজরদারির পর পুলিশের জালে আওয়ামী লীগ-যুবলীগের দুই নেত
কিশোরগঞ্জের নিকলীতে ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নির্যাতন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—গুরুই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আ. সালাম (৪১) এবং কারপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সামসুজ্জামান (৪৭)। আ. সালাম গুরুই গ্রামের মৃত শব্দরের ছেলে। অন্যদিকে সামসুজ্জামান জালালপুর গ্রামের আ. বারিকের ছেলে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আহমেদের দিকনির্দেশনায় এসআই শারিফুজ্জামান, এসআই তুষার ও এএসআই আমজাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। অভিযানে গুরুই নতুন বাজার এলাকা থেকে আ. সালামকে এবং নিজ বাড়ি থেকে সামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: রামুতে পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিনতাই, আহত ২ পুলিশ কর্মকর্তা
নিকলী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আহমেদ বলেন, ‘গ্রেপ্তারকৃতরা গোপনে নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডে যারা জড়িত থাকবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না।’
আরও পড়ুন: নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত





