এগিয়ে গিয়েও জয় হাতছাড়া আর্সেনালের
সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের বিপক্ষে এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু দ্বিতীয়ার্ধে তারা দুই গোল হজম করলে হারের শঙ্কায় পড়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান এক নম্বর দল। ননি মাদুয়েকের গোলে তারা রক্ষা পেয়েছে।
৩৩ মিনিটে যোগ্য দল হিসেবে এগিয়ে যায় আর্সেনাল। লেফট ব্যাক লুইস হলের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সের মধ্যে বল বাড়ান কাই হ্যাভার্টজ। উঁচু শটে সহজেই জালে বল জড়ান এবেরেচি এজে।
আরও পড়ুন: এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে মার্টিন ওডেগার্ডের ভুলে নিউক্যাসল সমতা ফেরায়। রিকার্ডিও কালাফিওরির থ্রো ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি নরওয়ের তারকা। তার ভুলে বল পেয়ে যান উইলিয়াম ওসুলা। বক্সের প্রান্ত থেকে তিনি ফাঁকা বক্সে বল ঠেলে দেন। গোলরক্ষক দাভিদ রায়াকে একা পেয়ে হার্ভি বারনেস স্কোর ১-১ করেন।
৭৩ মিনিটে রায়া কাঁধের ইনজুরি নিয়ে কেপার বদলি হিসেবে মাঠ ছাড়েন। এর আগে মালিক থিয়াও খুব কাছ থেকে গোল করে নিউক্যাসলকে এগিয়ে দেন। এরপর খেলা শেষ হওয়ার ১২ মিনিট আগে মাদুয়েকে চোখ ধাঁধানো নৈপুণ্যে সমতা ফেরায় গানাররা। ওডেগার্ডের পাস ধরে বক্সের মধ্যে ঢুকে স্বাগতিকদের দুই খেলোয়াড়কে কাটিয়ে লুকাস হরনিসেককে পরাস্ত করেন। স্বাগতিক গোলরক্ষক দুই হাত দিয়ে বল স্পর্শ করলেও আটকাতে পারেননি।
আরও পড়ুন: ৭ গোলের ঝড়ে কোস্টারিকাকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
এই ড্রয়ে প্রিমিয়ার লিগে আর্সেনালের টানা পাঁচ জয়ের ধারার অবসান ঘটল। দ্বিতীয় স্থানে থাকা ব্রাইটনের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আর্সেনাল। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলা ব্রাইটন পয়েন্ট ব্যবধান ঘুচাতে আজ হাল সিটির মুখোমুখি হবে। তাদের সমান ২২ পয়েন্ট নিয়ে তিনে ম্যানসিটি।
এদিকে ৪-১ গোলে ঘরের মাঠে হেরেছে চেলসি। নোয়া ওকাফোরের জোড়া গোলে ১৯৯৯ সালের পর চেলসির মাঠে লিডসের প্রথম জয় পেয়েছে। সফরকারী দলটি প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে উঠে গেছে।





