সাভার-আশুলিয়ায় ৩৮ কারখানা বন্ধ, আহত ৩

Sadek Ali
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের প্রভাব অব্যাহত রয়েছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে। আন্দোলনকে কেন্দ্র করে সোমবার (২৩ নভেম্বর) বিভিন্ন কারণে ৩৮টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ২২টি কারখানা শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় বন্ধ, ১১টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, পাঁচটি কারখানার শ্রমিকেরা উৎপাদন বন্ধ রেখে কর্মস্থলের ভেতরে অবস্থান করছেন।

এদিকে, নিউ এজ গ্রুপের বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীবাহী একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে তাঁরা অনন্ত ও জনরন কারখানায় হামলার চেষ্টা করেন।

আরও পড়ুন: সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সাউন্ড গ্রেনেড ও একটি টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছে পুলিশ।

শিল্পাঞ্চল পুলিশ ঢাকা-১-এর তথ্যমতে, শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় বন্ধ থাকা ২২টি কারখানা হলো সুসুকা নীট, রেডিয়ান্স ফ্যাশন, ক্রিস্টাল কম্পোজিট, আউটলেট স্টিচ, গ্রিন লাইফ নিটেক্স, মন্ডল নীটওয়্যার, হংকুন লেদার কোম্পানি, সাবিহা অ্যাপারেলস, নীট এশিয়া, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট, জিম্যাক্স ক্লোথিং, টপ টেক্স সোয়েটার, এ আর জিন্স প্রডিউসার, এফ জি এস ডেনিম ওয়্যার, ফুটস্টেপস বাংলাদেশ, এলায়েন্স নীট কম্পোজিট, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ, ফ্যাশন ডট কম, হামীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন, এনভয় গ্রুপ ও নেক্সট কালেকশন।

আরও পড়ুন: সাভারে ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

অন্যদিকে, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে শারমিন গ্রুপ, দি রোজ ড্রেসেস, সেতারা গার্মেন্টস, হলিউড গার্মেন্টস, ইয়াগী বাংলাদেশ, এম ডিজাইন, আলপস অ্যাপারেলস, নিউ এইজ গ্রুপ ও বান্দো ডিজাইন লিমিটেডে। এ তালিকার বাইরে আশুলিয়ার জিরাবোর দেওয়ান ইদ্রিস রোডে অবস্থিত গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টসেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পুলিশের তথ্যমতে, দি রোজ ড্রেসেসের শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে চলে গেছেন।

এ ছাড়া আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে অবস্থিত এম অ্যান্ড এইচ করপোরেশন লিমিটেড অন্যান্য কারণে বন্ধ রয়েছে। মজুরি বৃদ্ধির দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করছেন ম্যাংগো টেক্স, ফ্যাশন ফোরাম লিমিটেড (আইডিএস গ্রুপ), নাঈম নিটওয়্যার লিমিটেড (সাদ গ্রুপ), স্টারলিং ক্রিয়েশন ও সাদ ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা।

শিল্পাঞ্চল পুলিশ ঢাকা-১-এর তথ্যমতে, তাদের আওতাধীন এলাকায় মোট কারখানার সংখ্যা ১ হাজার ৭২৩টি। এর মধ্যে ৭৩৬টি গার্মেন্টস কারখানা। এসব কারখানার মধ্যে ৪৭০টি রপ্তানিমুখী।

শিল্পাঞ্চল পুলিশ ঢাকা-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, নিউ এজের বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রথমে সাভার এলাকায় শিক্ষার্থীবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়ান। পরে তাঁরা অনন্ত ও জনরন কারখানায় হামলার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সতর্ক করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি সাউন্ড গ্রেনেড ও একটি টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়। 

এ ঘটনায় ইটের টুকরার আঘাতসহ বিভিন্ন কারণে তিন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাঁদের শারীরিক অবস্থা ভালো।