শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির (HSIA Unit Welfare Committee) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। গত ২৭ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত নির্বাচনে সুষ্ঠু ও স্বচ্ছ ভোটের মাধ্যমে মো. রফিকুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক এবং এভিয়েশন সিকিউরিটির (এভসেক) মো. আশরাফ আলী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
বিদায়ী ও নবনির্বাচিত সদস্যদের উপস্থিতিতে আয়োজিত সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিমানবন্দরের তিনটি বিভাগের প্রধানদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিটির তত্ত্বাবধানে নবনির্বাচিত সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে উপস্থিত সদস্যরা অভিনন্দন জানান। একই সঙ্গে কমিটির ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে পরিচালনায় পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। এরপর নতুন নেতৃত্বের অধীনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
আরও পড়ুন: ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি
পুরোনো কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে নতুন কমিটির পক্ষ থেকে বিদায়ী কমিটির সদস্যদের ফুল দিয়ে সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে বিদায় জানানো হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে HSIA Unit Welfare Committee-এর কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সদস্যদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং কর্মপরিবেশে সৌহার্দ্য বজায় রাখতে নবনির্বাচিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে।
সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন এবং নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্তের মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।





