দেশকে অস্থিতিশীল করতে একটি মহল গুজব ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:১০ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশকে অস্থিতিশীল করতে একটি মহল বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার অপচেষ্টার কথাও উল্লেখ করে ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানীও বিতরণ করা হয়।

আরও পড়ুন: ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখলে রেখেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক রহমান বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে বিভাজনের সুযোগ নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দেশের নাগরিক এবং প্রত্যেকের অধিকার সমান। তাই ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবনযাপনের অধিকার সংবিধান স্বীকৃত। সরকারের পাশাপাশি বিএনপিও বিশ্বাস করে—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। একই সঙ্গে যার যার ধর্ম পালনের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সবার নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব।

আরও পড়ুন: সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতে জনগণের অধিকার কেড়ে নিয়ে দীর্ঘ সময় ধরে নিষ্ঠুর শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল। বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে সেই শাসনের অবসান ঘটেছে। এখন অর্থনীতি, সামাজিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে দেশকে পুনর্গঠনের কাজ এগিয়ে নিতে হবে।

অপশক্তি যাতে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৯ জন পুরোহিত ও সেবায়েতের হাতে সম্মানী তুলে দেন। পাশাপাশি সারা দেশের আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে ভাতা দেওয়া হয়েছে।