স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন এবং ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে ২৬টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে দুপুর ২টা ৩০ মিনিটে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে সভাপতিত্ব করবেন। এতে নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের বৈঠকে অংশ নিতে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক সভাটি বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
বৈঠকে যেসব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে আলোচনা হবে, সেগুলোর মধ্যে রয়েছে—মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
আরও পড়ুন: ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬
এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও বৈঠকে থাকার জন্য বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) পরিচালক অথবা উপযুক্ত কোনো কর্মকর্তাকে বৈঠকে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে প্রস্তুতিমূলক সমন্বয় সভা করছে নির্বাচন কমিশন।





