নাশকতার আশঙ্কায় দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৩৫ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা বেড়ে যাওয়ায় জেলা রেজিস্ট্রারের কার্যালয় ও সাব-রেজিস্ট্রি অফিসগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নিবন্ধন অধিদপ্তর। বিশেষ করে গুরুত্বপূর্ণ দলিলপত্র সংরক্ষিত থাকা রেকর্ডরুমের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে দেশের সব জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

আরও পড়ুন: বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দুদক

চিঠিতে উল্লেখ করা হয়, দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করা এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ঢাকা-সহ বিভিন্ন স্থানে হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। দুষ্কৃতকারীরা সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনা ঘটাচ্ছে।

এরই মধ্যে গত ৯ নভেম্বর গভীর রাতে ফেনী জেলা সদর রেকর্ডরুমে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে চিঠিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, দেশের প্রতিটি সাব-রেজিস্ট্রি অফিস ও জেলা রেকর্ডরুমে জনগণের গুরুত্বপূর্ণ ও মূল্যবান দলিলপত্র সংরক্ষিত রয়েছে। এসব নথির সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার পাশাপাশি অফিসগুলোর নৈশপ্রহরীদের দায়িত্ব পালনের বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

এ ছাড়া প্রতিটি অফিসে অগ্নিনির্বাপক যন্ত্র সচল ও ব্যবহারের উপযোগী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে।

চিঠিতে এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।