জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ বিকল্প ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
জ্বালানি সংকট মোকাবিলায় শিল্প মালিকদের সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে পোশাক খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অর্থনীতির বিভিন্ন খাতের সঙ্গে যুক্ত সবাই যাতে সমানভাবে উপকৃত হতে পারেন, সেদিকেও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে সরকার ব্যবসা ও শিল্পবান্ধব নীতি গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। শিল্প ও বাণিজ্য খাতের টেকসই বিকাশে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
আরও পড়ুন: হাম-ডেঙ্গু ও নিউমোনিয়া আক্রান্তে বিপর্যস্ত স্বাস্থ্যসেবা
দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংকঋণের সুদের হার কমানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিনিয়োগ ও শিল্পের বিকাশে অর্থায়নের সুযোগ সহজ করা জরুরি।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি শিল্প মালিকদের সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসার আহ্বান জানান। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি সচল রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বৈদেশিক মুদ্রা অর্জনে নিটওয়্যার শিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে উদ্যোক্তা ও রপ্তানিকারকদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
এ সময় দেশের বিভিন্ন সমস্যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিকেএমইএর প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।





