বদলি বাণিজ্যে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মাদকদ্রব্যের মহাপরিচালককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শোকজ

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:২৬ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্যাপক অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বদলি বাণিজ্যের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে ব্যাখ্যা তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক শাখার উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত এক চিঠিতে বিবরণ তুলে ধরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশক্রমে কারণ জানানোর জন্য চিঠি দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী বদলিতে মোটা অঙ্কের টাকা আর বিনিময়ে বদলি নীতিমালা লঙ্ঘন করে বাণিজ্য চলার অভিযোগ আছে মহাপরিচালক মারুফ হাসানের বিরুদ্ধে। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হওয়ায় দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে মন্ত্রণালয়।

আরও পড়ুন: জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ বিকল্প ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বদলি-পদায়নসংক্রান্ত ২০ সেপ্টেম্বর ২০১২ তারিখে জারি করা নীতিমালার ২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, মেয়াদপূর্তির পর কোনো কর্মচারীকে অব্যবহিত পূর্বের কর্মস্থলে বদলি বা পদায়ন করা যাবে না। একই সঙ্গে কোনো কর্মচারীকে একই উপ-অঞ্চলের অন্য সার্কেলেও বদলি বা পদায়ন করা যাবে না।

চিঠিতে উল্লেখ করা হয়, ওই শর্তের ব্যত্যয় ঘটিয়ে কয়েকজন কর্মকর্তাকে একই অধিক্ষেত্রের ভিন্ন সার্কেলে বদলি ও পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

এর মধ্যে ২০২৫ সালের ২৯ মার্চ ২০৩১ নম্বর স্মারকে পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেল, ঢাকা মেট্রো (উত্তর) থেকে একই অধিক্ষেত্রের উত্তরা সার্কেলে বদলি-পদায়ন করা হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

একই আদেশে পরিদর্শক মো. কবিরুল হাসানকে মোহাম্মদপুর সার্কেল, ঢাকা মেট্রো (উত্তর) থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলে বদলি-পদায়নের কথাও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ২০২৫ সালের ৪ ডিসেম্বর ৫০০০ নম্বর স্মারকে পরিদর্শক মো. তমিজ উদ্দিন মৃধাকে মোহাম্মদপুর সার্কেল থেকে একই অধিক্ষেত্রের গুলশান সার্কেলে বদলি-পদায়ন করা হয় বলে চিঠিতে বলা হয়েছে।

সর্বশেষ ২০২৬ সালের ২৯ মার্চ ১০৯১ নম্বর স্মারকে তমিজ উদ্দিন মৃধাকে গুলশান সার্কেল থেকে একই অধিক্ষেত্রের তেজগাঁও সার্কেলে বদলি-পদায়ন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের সরকারি কর্মকর্তাদের তালিকাতেও বর্তমানে তমিজ উদ্দিন মৃধাকে তেজগাঁও সার্কেলের পরিদর্শক হিসেবে দেখানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বদলি-পদায়নসংক্রান্ত নীতিমালার ২ নম্বর শর্ত লঙ্ঘন করে অধিদপ্তরের চার কর্মকর্তা-কর্মচারীকে একই অধিক্ষেত্রের ভিন্ন সার্কেলে বদলি-পদায়নের বিষয়ে মহাপরিচালকের ব্যাখ্যা প্রয়োজন।

এ বিষয়ে নির্দেশক্রমে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়ার জন্য মহাপরিচালককে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে বদলি-পদায়নের ক্ষেত্রে অনিয়ম বা আর্থিক লেনদেনের অভিযোগের বিষয়ে চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত হয়নি; মন্ত্রণালয়ের চিঠিতে মূলত নীতিমালা লঙ্ঘনের অভিযোগের ব্যাখ্যা চাওয়া হয়েছে।