নিজ অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন বাবর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:১১ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে নিজস্ব অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। ধর্মীয় অনুশাসনে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৭ সদস্যের দলটি সৌদি আরবের উদ্দেশে রওনা হয়। তবে লুৎফুজ্জামান বাবর নিজে এই দলের সঙ্গে যাননি।

আরও পড়ুন: সরকার কথা না শুনলে আন্দোলনের মাধ্যমে ফয়সালা হবে: জামায়াত আমির

বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী জানান, বাবরের নিজস্ব অর্থায়নে মোহনগঞ্জের ১৮ জন, মদনের ১৭ জন এবং খালিয়াজুরীর ১১ জন নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া হয়েছে। তিনিও দলের সঙ্গে সৌদি আরব গেছেন বলে জানান।

মোহনগঞ্জের ১৮ জনের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার ও উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব রয়েছেন।

আরও পড়ুন: সন্ধ্যায় ঢাকায় এনসিপির বিক্ষোভ মিছিল

মদনের ১৭ জনের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও ছাত্রদলের সভাপতি শামীম হাসান রয়েছেন।

খালিয়াজুরীর ১১ জনের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্যসচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয় রয়েছেন। এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেনও এই দলে রয়েছেন।

খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, এতজন নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ায় তারা কৃতজ্ঞ। মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েনও বাবরের উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান।

লুৎফুজ্জামান বাবর বলেন, এলাকার নেতাকর্মীদের ধর্মীয় অনুশাসনে উদ্বুদ্ধ করতেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে আরও নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওমরাহ পালন শেষে দলটির আগামী ৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।