এবার বাড়ল লঞ্চ ভাড়া
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সড়ক ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিচালন ব্যয় বাড়াসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ বিকল্প ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
শেখ রবিউল আলম বলেন, ভাড়া বাড়ানো সরকারের কাম্য নয়। তবে বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে ভাড়া সমন্বয়ের প্রয়োজন হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখেই সর্বনিম্ন হারে ভাড়া বাড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।
জ্বালানি তেলের দাম বাড়ার পর যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে নৌপরিবহণ মন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন লঞ্চ মালিকরা। চিঠিতে তারা যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর দাবি জানান। তাদের প্রস্তাব অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটারে বিদ্যমান ২ টাকা ৯৫ পয়সা থেকে ভাড়া বাড়িয়ে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ২ টাকা ৫২ পয়সা থেকে ৪ টাকা ২ পয়সা করার কথা বলা হয়েছিল।
আরও পড়ুন: রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব
দাবি অনুযায়ী ভাড়া সমন্বয় না হলে জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের প্রস্তাবও দিয়েছিলেন তারা। এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে দূরপাল্লা ও রাজধানীসহ শহরের বাসে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়।
সরকারি হিসাবে বাসভাড়া বাড়ানোর কথা ছিল ২০ পয়সা। তবে জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কম নিয়ে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। ভাড়া বাড়ানোর আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ক্ষেত্রে ২ টাকা ৪২ পয়সা।
দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। তবে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তার কম করে আরামদায়ক করা কিছু বাসে ভাড়া আরও বেশি হয়ে থাকে। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যুক্ত হয়। নতুন করে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হবে।





