ফেনীতে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি কর্মকর্তা নিহত
ফেনীতে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় ট্রাকচাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাটিয়া গ্রামের বাসিন্দা। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় প্রেষণে তিনি ফেনীতে এসআরবি-৭-এর উপ-সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া
এসআরবি ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফতেহপুরের স্টার লাইন পাম্পসংলগ্ন এলাকায় এসআরবি সদস্যরা চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করার সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা আলমগীর হোসেনকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশের একটি গর্তে পড়ে যায়।
আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার নৈরাজ্যের সঙ্গে দামও বাড়ল
দুর্ঘটনায় আলমগীর হোসেন গুরুতর আহত হন। একই ঘটনায় ট্রাকচালক সজিবও আহত হন। পরে দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নাতদন্ত শেষে আলমগীর হোসেনের মরদেহ চট্টগ্রামে এসআরবি-৭-এর কার্যালয়ে নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।





