সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের
সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার সংঘাত নিরসনে দুই দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করতে প্রস্তুত ইরান। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এ কথা জানিয়েছেন।
ইয়েমেনের সংঘাত ও এর আঞ্চলিক প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে পেজেশকিয়ান বলেন, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে যুদ্ধ হওয়া উচিত বলে ইরান মনে করে না। কারণ, দুই দেশের মানুষই মুসলিম।
আরও পড়ুন: বেলুচিস্তানে ৭১ ‘সন্ত্রাসী’ নিহতের দাবি পাকিস্তানের
তিনি জানান, দুই দেশের বিরোধ নিরসনে ইরান আলোচনায় বসতে এবং প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত। পেজেশকিয়ানের ভাষায়, সৌদি আরব ও ইয়েমেনকে এই সংকট থেকে বেরিয়ে আসতে সহায়তা করার জন্য ইরান মধ্যস্থতার উদ্যোগ নিতে পারে।
ইয়েমেনের আনসার আল্লাহ বা হুতিদের বিষয়ে ইরানের অবস্থান সম্পর্কেও কথা বলেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইয়েমেনের প্রতি ইরান শুধু সহমর্মিতা প্রকাশ করে। তবে হুতিদের প্রতি ইরানের সমর্থনের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তার দাবি, ইয়েমেনে কী ঘটছে, সেটি ইরানের সঙ্গে সম্পর্কিত নয়।
আরও পড়ুন: মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন
ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাত গত জুলাইয়ে আবারও তীব্র হয়ে ওঠে। সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকার এবং রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুতিদের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর নতুন করে সংঘর্ষ শুরু হয়।
এরপর থেকে সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই যোদ্ধা। একই সময়ে এক লাখের বেশি ইয়েমেনি নিজ দেশের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই





