অনির্দিষ্টকালের জন্য উত্তরার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:২৮ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা নোটিশে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলোর নিরাপত্তা বিভাগ ছাড়া অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধের কথা জানানো হয়।

বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো ভার্সেটাইল ফ্যাশনস (প্রা.) লিমিটেড, এমব্রেলা লিমিটেড, নাইস অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্যাজলিং ড্রেসেস লিমিটেড ও ওলিও অ্যাপারেলস লিমিটেড।

আরও পড়ুন: দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী

নোটিশে বলা হয়, গত ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তিন দিন কিছু শ্রমিক বিভিন্ন দাবি তুলে কর্মস্থলে উপস্থিত হয়েও কাজ না করে ধর্মঘট পালন করেন। এ সময় কর্তৃপক্ষের কাজে ফেরার অনুরোধ উপেক্ষা করে উত্তেজনাকর ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এতে কর্মকর্তা-কর্মচারীদের জীবনের নিরাপত্তা এবং কারখানার সম্পদ ঝুঁকির মুখে পড়ে। এ পরিস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়ায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ১৮টি বেস ক্যাম্প স্থাপন করবে বিজিবি

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপত্তা বিভাগ ছাড়া কারখানাগুলোর অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। কারখানাগুলো পুনরায় চালুর তারিখ ও সময় পরে নোটিশের মাধ্যমে জানানো হবে।