পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:১২ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ সোমবার (৯ নভেম্বর) দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি তাঁদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করবেন। প্রস্তাবটি পর্যালোচনা ও আলোচনা করে পরবর্তী করণীয় এবং মজুরি কাঠামো আরও উন্নত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলা, আটক ১৫ জন

বোর্ড সূত্রে জানা গেছে, সভায় শ্রমিকপক্ষের পাশাপাশি মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি কাঠামো নিয়েও আলোচনা হতে পারে। তবে মালিকপক্ষের প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। ফলে আজ তারা প্রস্তাব জমা দেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এর আগে রোববার (৮ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছিলেন, বিভিন্ন শ্রমিক সংগঠনের কাছ থেকে পাওয়া প্রস্তাব ও সুপারিশ পর্যালোচনা করে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত মজুরি প্রস্তাব তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: লাগাতার ককটেল বিস্ফোরণে জননিরাপত্তায় আতঙ্ক

তিনি বলেন, সভায় উপস্থাপনের জন্য ন্যূনতম মজুরির প্রস্তাব চূড়ান্ত করার কাজ চলছে। বিভিন্ন শ্রমিক সংগঠন ইতোমধ্যে কয়েকটি প্রস্তাব দিয়েছে। সেগুলোর ভিত্তিতে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত কাঠামো তৈরি করে মজুরি বোর্ডে উপস্থাপন করা হবে।

বাবুল আখতার আরও বলেন, শ্রমিকদের বর্তমান দাবি অনুযায়ী প্রস্তাবিত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা বা এর চেয়েও বেশি হতে পারে। বিভিন্ন শ্রমিক সংগঠনের সুপারিশ, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং পোশাকশিল্পের বর্তমান অবস্থা পর্যালোচনা করে মজুরির চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করা হবে।

অন্যদিকে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন জানান, শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা ও কারখানা বন্ধ থাকার বিষয়টি নিয়ে তাঁরা উদ্বিগ্ন। দ্বিতীয় সভার প্রস্তুতি চলছে। আলোচনার পর মজুরি প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার প্রস্তাব জমা দেওয়া হতে পারে, আবার নাও হতে পারে।

এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। একই সঙ্গে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের পর মজুরির যৌক্তিকতা, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রয়োজন হলে প্রস্তাব সংশোধন বা আরও উন্নত করার বিষয়েও সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।

উল্লেখ্য, বিদ্যমান বেতন কাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের অসন্তোষের পরিপ্রেক্ষিতে নতুন করে মজুরি নির্ধারণের জন্য গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। এতে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোয় এ হার নির্ধারণ করা হয়। তবে এবার শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হচ্ছে।