মরা মুরগির জমজমাট ব্যবসা, জনমনে বাড়ছে উদ্বেগ

Sadek Ali
শামসুজ্জামান শামস
প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:১১ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

# মরা মুরগি খেলে কিডনি ও লিভারের দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি হয়: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

# সারাদেশে প্রতিদিন প্রায় এক লাখ মুরগি মারা যাচ্ছে

আরও পড়ুন: ভেজাল খাদ্যের দাপটে জনস্বাস্থ্য চরম হুমকিতে

# আনুমানিক ক্ষতি দিনে ২০ কোটি টাকা

# নিবন্ধিত খামারের সংখ্যা প্রায় ৯০ হাজার

আরও পড়ুন: হঠাৎ পোশাক শ্রমিকদের রাস্তায় নামানোর উস্কানিদাতা কারা

# প্রতিদিন অন্তত ২৮ লাখ থেকে ৪২ লাখ মুরগি জবাই করতে হয়

গরু ও খাসির মাংস এবং মাছের তুলনায় দাম সাশ্রয়ী হওয়ায় দেশের অধিকাংশ মানুষের দৈনন্দিন প্রোটিনের চাহিদা মেটায় ব্রয়লার, সোনালি ও লেয়ার মুরগি। পোল্ট্রি শিল্পের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বছরে প্রায় ১৮ লাখ ৪০ হাজার মেট্রিক টন পোল্ট্রি মাংস উৎপাদিত হয়। সেই হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৫,০২৭ মেট্রিক টন (বা ৫০ লাখ কেজির বেশি) মুরগির মাংস বাজারে আসে। প্রতিটি মুরগি থেকে গড়ে ১.২ থেকে ১.৮ কেজি মাংস পাওয়া গেলে, দৈনিক ৫০ লাখ কেজির বেশি মাংসের জোগান দিতে প্রতিদিন অন্তত ২৮ লাখ থেকে ৪২ লাখ মুরগি জবাই করতে হয়। বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে প্রায় ১ লাখ থেকে ১ লাখ ৩৬ হাজারের মতো বাণিজ্যিক মুরগির খামার সচল রয়েছে। এর মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধিত খামারের সংখ্যা প্রায় ৯০ হাজার, আর বাকিগুলো অনিবন্ধিতভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) তথ্য অনুযায়ী, তীব্র দাবদাহের সময় হিটস্ট্রোকে সারাদেশে প্রতিদিন প্রায় ১ লাখ পর্যন্ত মুরগি মারা যাওয়ার ঘটনা ঘটেছে। যার আনুমানিক ক্ষতি দিনে ২০ কোটি টাকা। দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা ও বড় শহরগুলোতে মুরগি আনার সময় তীব্র গরম, যানজট ও গাদাগাদির কারণে প্রতিদিন হাজার হাজার মুরগি মারা যায়। এছাড়া তীব্র তাপদাহ বা রোগবালাইয়ে খামারেও প্রচুর মুরগি মারা যায়।

রাতের অন্ধকারে রাজধানীর ব্যস্ত পাইকারি বাজারগুলোতে চলে এক ভয়ংকর প্রতারণা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আনার পথে মারা যাওয়া মুরগিগুলো ডাস্টবিনে যাওয়ার কথা থাকলেও, অসাধু চক্রের হাত ধরে তা পৌঁছে যাচ্ছে আমজনতার খাবার প্লেটে। চামড়া ছাড়িয়ে, ফ্রিজে জমিয়ে আর বাহারি মসলার আড়ালে বিষাক্ত মরা মুরগি বিক্রি হচ্ছে নামিদামি হোটেল ও ফাস্টফুডের দোকানে। বড় পাইকারি বাজার ও আড়তের আশেপাশে একশ্রেণির ফড়িয়া বা দালাল থাকে। এরা খামার বা পরিবহন গাড়ি থেকে নামমাত্র মূল্যে মরা মুরগি কিনে নেয়। এরপর দ্রুত চামড়া ও হাড় ছাড়িয়ে মাংস ছোট টুকরো বা কিমা করে প্যাকেটজাত করে। কম খরচে বেশি লাভের আশায় কিছু সাধারণ খাবার হোটেল ও চাইনিজ রেস্তোরাঁ এই প্রক্রিয়াজাত মাংস কিনে নেয়। ফ্রাইড চিকেন, বার্গার, চিকেন রোল, স্যুপ বা সমুচা তৈরির জন্য অনেক ফুটপাতের দোকান ও ভ্রাম্যমাণ ফাস্টফুড বিক্রেতা সস্তায় এই মাংস কেনে। বড় কোনো বিয়ে, মেজবান বা সামাজিক অনুষ্ঠানের রান্নার খরচ কমাতে কিছু অসাধু বাবুর্চি ও ক্যাটারিং ব্যবসায়ী ভালো মুরগির সাথে মরা মুরগির মাংস মিশিয়ে দেয়। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে মুরগি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী খালেদ মোশারফ বলেন,‘আমরা পরিবার নিয়ে সুস্থ থাকার জন্য কষ্টার্জিত টাকায় খাবার কিনি। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সামান্য লাভের আশায় আমাদের মরা মুরগি খাওয়াচ্ছে, যা খুবই ভয়াবহ। চোখের সামনে জবাই না করলে এখন আর কোনো দোকানের ওপর ভরসা পাওয়া যায় না।’

জনস্বাস্থ্যকে চরম ঝুঁকিতে ফেলে রাজধানী ঢাকায় গড়ে উঠেছে মরা মুরগির এক জমজমাট ও অবৈধ ব্যবসা। কারওয়ান বাজার ও কাপ্তানবাজারসহ বিভিন্ন পাইকারি আড়তকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু চক্র নামমাত্র মূল্যে মৃত মুরগি সংগ্রহ করে সরবরাহ করছে শহরের অসংখ্য হোটেল, মেস ও ভ্রাম্যমাণ খাবারের দোকানে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হলেও থামছে না এই ভয়ংকর প্রতারণা। গতকাল ভোরে রাজধানীর পাইকারি মার্কেট হিসেবে পরিচিত কাপ্তান বাজার, কারওয়ান বাজার, যাত্রাবাড়ীর বড় বাজারগুলোতে অনুসন্ধান চালিয়ে মরা মুরগি তাজা বা টাটকা মুরগির সঙ্গে মিশিয়ে বাজারজাত করার মতো ভয়াবহ অপকর্ম লক্ষ করা যায়। কাপ্তান বাজার, পুরান ঢাকার নবাবপুর রোডে এবং মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচ পাইকারি বাজারে খাঁচা সংবলিত ছোট-বড় তিন শতাধিক ট্রাকে মুরগি আর মুরগি, যার বেশিরভাগই ব্রয়লার মুরগি। এ ছাড়াও ছিল লালচে কক ও পাকিস্তানি কক বলে পরিচিত মুরগিও। দেশীয় মুরগির সংখ্যা একেবারেই কম চোখে পড়েছে। এসব গাড়ির বেশিরভাগেই পাঁচ থেকে দশটি করে মরা মুরগি সযত্নে রাখতে দেখা যায়। কোনো গাড়ির নিচে রাস্তাতেও বিচ্ছিন্নভাবে কিছু মরা মুরগি পড়ে ছিল। গাড়িতে রাখা সেইসব মরা মুরগি দুজন লোক প্লাস্টিকের নীল ড্রামে ভরে নিয়ে যায়।

কাপ্তান বাজারে একাধিক ব্যবসায়ীর সঙ্গে আলাপকালে তারা জানান, মরা মুরগি সাধারণত গাড়ি থেকে দ্রুত বের করে সিটি করপোরেশনের নির্ধারিত ডাস্টবিনে ফেলার কথা। এ জন্য প্রতিটি দোকান থেকে নিয়মিত টাকাও দেওয়া হয়। কিন্তু অসৎ উদ্দেশ্যেই একটি সিন্ডিকেট সেটি না করে অনেক সময় মরা মুরগিগুলো গোপনে তাজা জবাইকৃত মুরগির সঙ্গে মিশিয়ে সবই টাটকা হিসেবে ক্রেতাদের কাছে সরবরাহ করছে। ওই ব্যবসায়ীরা আরও বলেন, প্রতি রাতে কেবল কাপ্তান বাজারেই অন্তত পাঁচ শতাধিক মুরগি মরা অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া কারওয়ান বাজার ও যাত্রাবাড়ীতেও প্রচুর মরা মুরগি পাওয়া যায়।  কিছু লোক মরা মুরগিগুলো আলাদা করে কিনে নেয়। যেখানে ভালো মুরগির কেজি ১৮০ থেকে ৩৫০ টাকা, সেখানে এই সিন্ডিকেট মাত্র ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে মরা মুরগির মাংস সরবরাহ করে। বাড়তি মুনাফার লোভে অনেক হোটেল মালিক জেনেশুনেই এগুলো কিনে থাকেন। ইসলাম ধর্মসহ সকল ধর্মীয় বিধানে মৃত প্রাণী ভক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি ক্রেতাদের সাথে চরম প্রতারণা ও আইনি অপরাধ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মেডিসিন চিকিৎসক ডা. খোদাকাত মাওলা জানান, ‘মরা মুরগির শরীরে রক্ত জমাট বেঁধে থাকায় সেখানে সালমোনেলা ও ই-কোলাইয়ের মতো মারাত্মক ব্যাকটেরিয়া জন্মায়। উচ্চ তাপে রান্না করলেও অনেক সময় এসব জীবাণুর তৈরি বিষ বা টক্সিন নষ্ট হয় না। এটি খেলে তীব্র ফুড পয়জনিং থেকে শুরু করে কিডনি ও লিভারের দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি হতে পারে।’

বাজার থেকে মুরগি কেনার সময় নিজের চোখের সামনে জীবিত মুরগি জবাই করিয়ে নেওয়া সবচেয়ে নিরাপদ। হোটেল বা রেস্তোরাঁয় অতিরিক্ত কম দামে মুরগির মাংস বা গ্রিল বিক্রি হলে তা এড়িয়ে চলা উচিত। প্রতিটি পাইকারি বাজার ও আড়তে মারা যাওয়া মুরগি তাৎক্ষণিকভাবে মাটিচাপা দেওয়া বা বৈজ্ঞানিক উপায়ে ধ্বংস করার জন্য বাজার কমিটির কঠোর নজরদারি থাকতে হবে। কোথাও মরা মুরগি বিক্রির প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা স্থানীয় প্রশাসনকে জানানো নাগরিক দায়িত্ব। দেশের পোল্ট্রি শিল্পের বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে টিকিয়ে রাখতে এবং সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মরা মুরগির এই ঘৃণ্য বাণিজ্য সমূলে উৎপাটন করা জরুরি। খামারি, ব্যবসায়ী এবং প্রশাসনের সম্মিলিত উদ্যোগই কেবল ভোক্তাদের পাতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস পৌঁছে দিতে পারে।