ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:২৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার বা চাহিদাপত্র পেয়েছে সরকার। সব প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগেই দেশটিতে কর্মী পাঠানো শুরু করতে চায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এ ক্ষেত্রে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের সহযোগিতা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

আরও পড়ুন: নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখব: নাহিদ ইসলাম

তিনি বলেন, এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পাওয়া গেছে। ডিসেম্বরের আগেই সব প্রক্রিয়া চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। ডিএইচএলের সহযোগিতা পাওয়া গেলে দ্রুত কর্মীদের বিদেশে পাঠানো সম্ভব হবে। তবে কোনো কারণে এক-দুই দিন দেরি হতে পারে বলেও জানান তিনি।

বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ডিএইচএলের জন্য ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের চূড়ান্ত বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন: এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ নভেম্বর ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এ সময়ে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

আবেদনকারীদের মধ্যে সমান সুযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও কাজের উপযোগিতা যাচাই করে চূড়ান্ত ১১২ জন কর্মী বাছাই করা হবে। এ জন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। তারা ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, পুরো বাছাই প্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। নিয়োগকর্তা প্রতিষ্ঠানই পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে।

তিনি আরও বলেন, এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সব সরকারি নির্ধারিত ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। এ ক্ষেত্রে বোয়েসেল কর্মী বা নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় কিংবা সার্ভিস চার্জ নেবে না।

নিয়োগ প্রক্রিয়ায় কোনো দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তি অর্থ দাবি করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে প্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানান।

রাশেদুল হক বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কাজের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। শ্রমিকরা যেন নিজেদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।