ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল, ২২ নভেম্বর পর্যন্ত জরিমানা নেই

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৩ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অক্টোবর মাসের মূল্য সংযোজন করের (ভ্যাট) অনলাইন রিটার্ন জমার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের সুদ বা জরিমানা ছাড়াই অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

ই-ভ্যাট সিস্টেমে সার্ভার জটিলতার কারণে নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে করদাতাদের সমস্যায় পড়তে হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হলেও মঙ্গলবার (১৭ নভেম্বর) তা এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকেই

এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত বিশেষ আদেশে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর থেকে ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে ব্যবহারকারীর (কনকারেন্ট ইউজার) সংখ্যা অত্যধিক বেড়ে যায়। এতে সার্ভারে জটিলতা তৈরি হয় এবং করদাতাদের অক্টোবর মাসের কর রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে দাখিলের কার্যক্রম বিঘ্নিত হয়।

আদেশে আরও বলা হয়, জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ দেওয়া ক্ষমতাবলে রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী

এনবিআরের নতুন নির্দেশনা অনুযায়ী, করদাতারা আগামী ২২ নভেম্বর পর্যন্ত অনলাইনে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো সুদ বা জরিমানা আরোপ করা হবে না।

ফলে ই-ভ্যাট সিস্টেমের সার্ভার জটিলতায় যারা নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে পারেননি, তাঁদের জন্য বাড়তি সময় পাওয়ার সুযোগ তৈরি হলো।