অনিশ্চয়তায় রোহিঙ্গা প্রত্যাবাসন!

Sanchoy Biswas
এসআই শফিক
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৪০ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
  • রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ
  • আইসিজের রায়কে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে মিয়ানমারের প্রত্যাখ্যান
  • এ রায় রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে মাইলফলক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে দোষী সাব্যস্ত মিয়ানমার। ৭ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আসা এই রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। তবে, রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসন অগ্রগতি কতটা হবে, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। 

বিশেষজ্ঞদের পরামর্শ, দেশটির ওপর আন্তর্জাতিক চাপের পাশাপাশি নিতে হবে কূটনৈতিক ও অর্থনৈতিক উদ্যোগ।

আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার অভিযোগ প্রমাণিত বলে বৃহস্পতিবার রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। ২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা মামলার ৭ বছর ধরে বিচারিক প্রক্রিয়া শেষে ঘোষিত এই রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের ভেতরে রোহিঙ্গা নিধন শুরু হলে সীমান্ত খুলে দিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ প্রশংসা পেলেও, প্রায় দশ বছর পরে সে অস্থায়ী আশ্রয়ই এখন পরিণত হয়েছে বড় সংকটে। এরপরেও, বরাবরই নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কথা বলে আসছে ঢাকা। তবে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় উদযাপন করেছেন হাজারো রোহিঙ্গা। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে দেশটিকে দায়ী করে আদালতের দেওয়া রায়কে নিজেদের ন্যায়বিচার পাওয়ার পথে বড় অগ্রগতি হিসেবে দেখছেন তাঁরা। তবে এই রায় এখনই বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনের পথ সহজ করছে না। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ ও নিরাপত্তাহীনতা এ ক্ষেত্রে বড় বাধা হয়ে রয়েছে।

আন্তর্জাতিক সহায়তা কমে আসায় বিপুলসংখ্যক রোহিঙ্গার দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, আইসিজের এই রায় প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আনতে পারে। এটিকে রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হিসেবে দেখছে ঢাকা।

আরও পড়ুন: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত সশস্ত্র বাহিনী দিবস

বিশ্লেষকদের আশঙ্কা, বাস্তবে প্রত্যাবাসন শুরু করা সহজ হবে না। গণহত্যা, যৌন সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত সরকার এখনই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আগ্রহী হবে না। দেশটির স্বাধীন বিশ্লেষক সাই কি জিন সো মনে করেন, আদালতের নির্দেশ থাকলেও নিরাপদ প্রত্যাবাসন শিগগির শুরু হওয়ার সম্ভাবনা কম। তবে আইসিজের রায় সর্বসম্মত নয় এবং মিয়ানমারের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের পর প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। ২০২৩ সালের শেষ দিকে রাখাইন রাজ্যে মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে আরও রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

বর্তমানে রাখাইনের অধিকাংশ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য নির্ধারিত এলাকাগুলোও তাদের দখলে রয়েছে। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের অভিযোগ থাকলেও আইসিজের রায় নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি গোষ্ঠীটি। গত আগস্টে মিয়ানমার সরকার জানিয়েছিল, বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জন রোহিঙ্গাকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করা হয়েছে। তবে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু হবে না বলে জানায় দেশটি। ২০১৭ সালের আগে রাখাইনে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বসবাস করলেও বর্তমানে সেখানে টিকে আছেন প্রায় ছয় লাখ। তাঁদের মধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত শিবিরে বন্দিজীবন কাটাচ্ছেন। মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী হিসেবে দাবি করে আসছে এবং তাদের নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানাচ্ছে। রোহিঙ্গা সংকট পর্যবেক্ষণকারী সংস্থা আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়ার মতে, নাগরিকত্ব, মৌলিক অধিকার ও প্রকৃত নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গাদের স্বেচ্ছায় দেশে ফেরা সম্ভব নয়। অর্থনৈতিক ও জনসংখ্যার চাপের মধ্যে থাকা বাংলাদেশ দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন চায়। তবে নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত না করে কাউকে ফেরত পাঠানো হবে না বলে বারবার জানিয়েছে সরকার। আইসিজের রায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান শক্তিশালী করলেও প্রত্যাবাসন নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সির মতে, গণহত্যার দায়ে অভিযুক্ত মিয়ানমারের সঙ্গেই প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে বাংলাদেশকে। একই সঙ্গে রাখাইনের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ বাড়ানো জরুরি। গত সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। এই অবস্থান কাজে লাগিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে বহুপক্ষীয় প্রচেষ্টা জোরদার করার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এদিকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তার তহবিল নিয়েও উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় ৭১ কোটি ডলারের সহায়তার মাত্র ৬৯ শতাংশ সংগ্রহ করা সম্ভব হয়েছে। অন্যদিকে, স্থানীয়দের সঙ্গে উত্তেজনার কারণে মালয়েশিয়াও রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিচ্ছে। গত শুক্রবার দেশটি জানিয়েছে, দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করা হবে। তবে আইসিজের রায়কে নতুন আশার আলো হিসেবে দেখছেন রোহিঙ্গারা। কক্সবাজারের আশ্রয়শিবিরে বসবাসরত ২৪ বছর বয়সী রোহিঙ্গা যুবক মোহাম্মদ জুবায়ের বলেন, এই রায় তাঁকে নতুন শক্তি জুগিয়েছে। বিশ্ব যেন তাঁদের ওপর সংঘটিত অপরাধের স্বীকৃতি দেয়, সেটিই তাঁর একমাত্র প্রত্যাশা নয়; বরং একদিন নিজেদের পৈতৃক ভিটায় স্বাধীনভাবে ফিরে যাওয়াই তাঁর সবচেয়ে বড় স্বপ্ন।

নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহী চৌধুরী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও  সম্প্রদায়ের পাশাপাশি দু’দেশের অর্থনৈতিক সম্পর্ককেও কাজে লাগাতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার ক্ষেত্রে সেখানকার বর্তমান রাজনৈতিক অবস্থাই একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। মিয়ানমারের রাজনৈতিক অবস্থান, আন্তর্জাতিক চাপ এবং কার্যকর কূটনৈতিক উদ্যোগের ওপরই নির্ভর করছে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ভবিষ্যৎ।

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে করতে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক উভয় পর্যায়ের অংশীদারদের সঙ্গেই কাজ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গত শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের রায় বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, রোহিঙ্গা গণহত্যায় জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজের রায় চূড়ান্ত, এখানে আপিলের সুযোগ নেই। ন্যায় বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় এ রায় গুরুত্বপূর্ণ, বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের জন্য এটি একটি মাইলফলক। এ রায় দ্রুত বাস্তবায়নে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।