আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিচার ট্রাইব্যুনালে হবে কি না, সেটিও সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত সশস্ত্র বাহিনী দিবস
আইনমন্ত্রী বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ তাণ্ডব চালিয়ে ভেবেছিল, সরকারও তাদের মতো গুলি চালাবে। তবে বর্তমান সরকার তাদের পথ অনুসরণ করবে না। বরং আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। অথচ এ নিয়ে দলটির কোনো অনুশোচনা নেই।
আরও পড়ুন: অনিশ্চয়তায় রোহিঙ্গা প্রত্যাবাসন!
অনুষ্ঠানের আগে দেওয়া বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস্ট শাসনের উত্থান ঘটবে, তা তারা বুঝতে পারেননি। গত ১৬ বছরে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে এবং ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনে অংশ নিতে গিয়ে তাদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা গুলিতে নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি। এসব হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ হিসেবে চালানো হয়েছিল বলেও অভিযোগ করেন আইনমন্ত্রী।
তিনি অভিযোগ করেন, ৭০০-এর বেশি সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল। তাদের অনেকেই এখনো ফিরে আসেননি। নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার আশায় অনেকের পরিবারের সদস্যরা এখনো প্রার্থনা করছেন বলেও উল্লেখ করেন তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে লাখ লাখ বিরোধীদলীয় নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ায় বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।
দেশ ও জাতিকে ওই দুঃসময় থেকে বের করে আনতে জেন-জির ভূমিকার প্রশংসা করে আইনমন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, জেন-জি নিজেদের ক্ষত, স্বজন হারানোর বেদনা, পরিবারের সদস্যদের আহাজারি এবং বন্ধু-সতীর্থদের আর্তচিৎকার ভুলে যায়নি। এই প্রজন্মকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম চালিয়ে যাবেন তারা।





