সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সুযোগ কেউ পাবে না। দেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করার সাহসও কারও হবে না।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে দায়িত্ব পালন করেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ বাহিনীর অবদান অনন্য। জাতীয় ঐক্য বজায় থাকলে দেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করার সাহস কেউ পাবে না।
বক্তব্যের শুরুতে সেনানিবাসে এসে নিজের স্মৃতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাঁর মা প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান ছিল এই আয়োজনে তাঁর শেষ অংশগ্রহণ।
আরও পড়ুন: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত সশস্ত্র বাহিনী দিবস
সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা বাহিনীর ইতিহাসের অন্যতম গৌরবোজ্জ্বল অধ্যায়। সশস্ত্র বাহিনী বাংলাদেশের সাহস ও শৌর্যের প্রতীক।
বিগত সময়ের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার চেষ্টা হয়েছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টাও চালানো হয়েছে। তবে দেশের স্বাধীনতা রক্ষা ও জনগণের স্বার্থে সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার এ বাহিনীর আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বাহিনীতে চেইন অব কমান্ড পুরোপুরি বজায় রাখা হবে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা কার্যকর করার ঘোষণাও দেন তিনি।
তিনি আরও বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাহাড় থেকে সমতল—দেশের বিভিন্ন প্রান্তে যেকোনো প্রয়োজনে বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।





