নাহিদ ইসলামকে আইনি নোটিশ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৩৭ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান নাহিদ ইসলাম বরাবর এ নোটিশ পাঠান।

আরও পড়ুন: শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

নোটিশে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তাঁর কোনো পরিকল্পনা নেই।’

আইনজীবী হাবিবুর রহমান নোটিশে উল্লেখ করেন, নাহিদ ইসলামের এ বক্তব্য তাঁর দৃষ্টিগোচর হওয়ার পর তিনি বিব্রত, ব্যথিত ও মর্মাহত হয়েছেন। তাঁর অভিযোগ, বক্তব্যটি রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ঈর্ষাপ্রসূত এবং অবাস্তব ও কাল্পনিক মন্তব্যে পরিপূর্ণ।

আরও পড়ুন: শ্রমিক আন্দোলনে নাশকতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ

নোটিশে আরও বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপের মতো দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। এ ধরনের মন্তব্যের জন্য নাহিদ ইসলামকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয়েছে।

নোটিশে নির্ধারিত ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।