অক্টোবরে রেকর্ড প্রাণহানির পর ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৩৯ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অক্টোবর মাসে ডেঙ্গুতে রেকর্ড ১৭৪ জনের মৃত্যুর পর নভেম্বরের শুরুতেও প্রাণঘাতী এ রোগের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন।

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১ হাজার ৩৫৩

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৭৪ জন, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড।

এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন ডেঙ্গুতে মারা গেছেন। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মারা গেছেন দুজন করে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯২৯

বুলেটিনে বলা হয়, রোববার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৯৭০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জনে। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৯০০ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫২ জন, খুলনায় ২৯৪ জন, বরিশালে ১৮৩ জন, রাজশাহীতে ১৫৩ জন, ময়মনসিংহে ৯৫ জন, রংপুরে ৭১ জন এবং সিলেট বিভাগে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।