আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:১২ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগকে ৫ আগস্টেই পরাজিত করা হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, ভারত আওয়ামী লীগ ও দলটির দেশীয় সহযোগীদের ব্যবহার করে সীমান্তের ওপার ও ভেতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন এনসিপি নেতারা

তিনি বলেন, বিষয়টি এখন আর শুধু আওয়ামী লীগ, বিএনপি বা এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি ভূরাজনৈতিক পর্যায়ে পৌঁছেছে। তাঁর ভাষায়, “এখনকার লড়াইটা আওয়ামী লীগের সঙ্গে কোনো লড়াই নয়—আওয়ামী লীগকে আমরা ৫ আগস্টই পরাজিত করেছি। এই লড়াইটা এখন ভারতীয় আধিপত্যবাদের সঙ্গে।”

ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: সংবিধান সংস্কার পরিষদের শপথ ও জুলাই সনদ বাস্তবায়ন হলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস ও অগ্নিসংযোগ এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

জবাবে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে।

জাতীয় ঐক্যের শর্ত তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, যেকোনো ঐক্যপ্রক্রিয়ায় সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রধান এজেন্ডা হিসেবে রাখতে হবে। বৈঠকে এনসিপির পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট সুপারিশও তুলে ধরা হয়েছে।


সুপারিশগুলোর মধ্যে রয়েছে—

সংবিধান সংশোধন কমিটি বাতিল: এনসিপির মতে, একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। তাই কমিটি বাতিল করে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে দলটি।

বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা: ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো এবং জেলা পর্যায়ে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও অভিযোগপত্র দ্রুত সম্পন্ন করে জুলাইয়ের ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

রায় কার্যকর ও আসামিদের দেশে ফেরানো: শেখ হাসিনা ও ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ভারত থেকে দেশে ফিরিয়ে এনে ঘোষিত বিচারের রায় কার্যকরের দাবি জানিয়েছে এনসিপি।

গঙ্গার পানি বণ্টন চুক্তি: আগামী ১২ ফেব্রুয়ারি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করে নতুন চুক্তিতে কোনো আপস না করে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানানো হয়েছে।


এ ছাড়া সীমান্তের ওপারে বিজেপির বাংলাদেশবিরোধী সমাবেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের ‘ভুল তথ্য প্রচারণার’ (মিসইনফরমেশন ক্যাম্পেইন) সমালোচনা করেন নাহিদ ইসলাম।

তিনি দাবি করেন, ভারতে সংখ্যালঘু মুসলিম ও দলিতদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, সুফি ও সামাজিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সরকারকে শক্ত জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।

সবশেষে দলীয় পররাষ্ট্রনীতির পরিবর্তে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অভিন্ন ‘জাতীয় পররাষ্ট্রনীতি’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এনসিপির এই নেতা। একই সঙ্গে শুধু ডিসেম্বরকেন্দ্রিক পরিকল্পনা না করে দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরির আহ্বান জানান তিনি।