লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা ঘিরে সংঘর্ষ, আহত ৪
যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে সংঘর্ষে জড়িয়েছেন দলটির নেতাকর্মী ও বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) রাতে স্থানীয় সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফা লাঠিচার্জ করেছে লন্ডন পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্য ও বিশিষ্টজনদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের মতে, বাংলাদেশের রাজনৈতিক বিরোধ যুক্তরাজ্যে টেনে এনে এ ধরনের বিশৃঙ্খলা পুরো প্রবাসী কমিউনিটির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।
আরও পড়ুন: অভিন্ন নদীর পানি আটকে রেখে আমাদের মারার চক্রান্ত চলছে: রিজভী
জানা গেছে, নাহিদ ইসলামের এক সপ্তাহের যুক্তরাজ্য সফর উপলক্ষে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে মধ্য লন্ডনের মে ফেয়ার হলে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠান চলাকালে হলের বাইরে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে বাইরে থেকে ডিম ও পানির বোতল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে হলের বাইরের অংশে অতিথিদের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: কিছুদিনের মধ্যে জয় বাংলা করে দেব’, সামান্তা শারমিনকে ফোনে হুমকির অভিযোগ
অনুষ্ঠান শেষ হওয়ার পর মে ফেয়ার হলের পেছনের সড়কে আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে এ পরিস্থিতি চলে বলে জানা গেছে। বিশৃঙ্খলা থামাতে এবং সড়কে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কয়েক দফা লাঠিচার্জ করে লন্ডন পুলিশ। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এ সংঘর্ষের ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বাসিন্দা, নাগরিক সমাজের প্রতিনিধি ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রবাসীদের ভাষ্য, লন্ডনের মতো শহরে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ নিয়ে এ ধরনের সংঘাত, ডিম ও পানির বোতল নিক্ষেপের ঘটনা দেশের ভাবমূর্তির জন্য বিব্রতকর। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা প্রকাশের ক্ষেত্রে শৃঙ্খলা ও সহনশীলতা বজায় রাখা জরুরি বলে মনে করছেন তাঁরা।
নাহিদ ইসলামের সংবর্ধনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া এ সংঘর্ষ নতুন করে প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিরোধ ও সহাবস্থানের পরিবেশ নিয়ে প্রশ্ন তৈরি করেছে।





