আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না: ফারুক
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্রতিবাদ’ নামক সংগঠনের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, যারা এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে। যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। যারা এ দেশ থেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক দেশ থেকে পালিয়ে গেছেন। অথচ তারা সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন হুংকার ছাড়ছে।
আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল
তিনি বলেন, এদেশে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। এদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে দাঁড়াবে সে শক্তিটুকু আওয়ামী লীগের নেই। যারা আবু সাঈদসহ ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসর সচিব ও কিছু কর্মকর্তারা এখনও দায়িত্বে আছে তারা বিভিন্নভাবে চক্রান্তের চেষ্টা করতে পারে। তারা কিভাবে এখনও সেই দায়িত্বগুলোতে থাকে? শেখ হাসিনাকে বন্দি মুক্তির বিনিময়ে এদেশে এনে বিচার করতে হবে।
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিও জানান।
সংগঠনের সভাপতি ইব্রাহিম হোসেন এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কর্মজীবী দলের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।





