আর অপেক্ষা নয়, এখন নির্বাচনের পথে বিএনপি: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর কারও জন্য অপেক্ষা নয়, কাল বিলম্ব নয়— এখন নির্বাচনের পথে বিএনপির গাড়ি উঠে গেছে। এই যাত্রা শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে হবে।
শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে প্রয়াত বিএনপি নেতা আ.স.ম. হান্নান শাহ’র মৃত্যুবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবদলের ফুলেল শুভেচ্ছা
মির্জা ফখরুল বলেন, বিএনপি সব সময় পরিবর্তন ও সংস্কারের পক্ষে। কিছু লোক প্রচারণা চালায় যে বিএনপি সংস্কার মানে না, এটা ভুল ধারণা, উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি-ই সংস্কারের জন্মদাতা দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সংস্কারের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।”
তিনি অভিযোগ করেন, বিএনপিকে বিভ্রান্ত ও ঘায়েল করার নানা প্রচেষ্টা চলছে। ধানের শীষে ভোট দেবে জনগণ— কারণ জনগণ জানে কারা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে, বলেন বিএনপি মহাসচিব।
আরও পড়ুন: বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়ালের নেতৃত্বে মিছিল
ফখরুল আরও বলেন, “আমরা ১৫ বছর লড়াই করেছি এই নির্বাচনের জন্য। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর মানুষ আশাবাদী হয়েছিল যে এবার তারা তাদের প্রতিনিধি বেছে নিতে পারবে। কিন্তু এখন দেশ চালাচ্ছে আমলারা।”
তিনি সরকারের উপদেষ্টাদের উদ্দেশে বলেন, কেউ যেন কোনো দলের হয়ে কাজ না করেন। জনগণ নিরপেক্ষ সরকার চায়। শতভাগ নিরপেক্ষ থাকতে হবে।
বাংলাদেশ–ভারত সম্পর্ক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ভারত সবসময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে— সীমান্ত হত্যা, পানির হিস্যা কিংবা নির্বাচনে হস্তক্ষেপ তার প্রমাণ। আমরা চাই, ভারতের সঙ্গে বন্ধুত্ব হোক সমতার ভিত্তিতে; আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ নয়।
বিএনপি বর্তমানে জাতীয় ঐক্যের সরকারের দাবি নিয়ে রাজনৈতিক ময়দানে সক্রিয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলটির পক্ষ থেকে আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি সমান্তরালভাবে চলমান।





