একদিনে ৭ নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:৪০ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৃহস্পতিবার সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু করে একটানা সাতটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে দলের মুখপাত্র মাহাদী আমীন এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। গভীর রাতে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরদিন বৃহস্পতিবার সকালে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

একদিনে ৭ সমাবেশ

মাহাদী আমীন জানান, সিলেটের জনসভা শেষে তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন স্থান এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়া এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন। এসব সমাবেশে অংশগ্রহণ শেষে গভীর রাতে বিএনপি চেয়ারম্যান গুলশানের বাসায় ফিরবেন।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

সফরসঙ্গী ও রাজনৈতিক বার্তা

মাহাদী আমীন বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ও গণঅভ্যুত্থানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী নেতাদের অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিটি সফরে তাদের মধ্য থেকে শীর্ষ নেতাদের সফরসঙ্গী হিসেবে সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান।

সিলেট সফরে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে থাকছেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ, ইয়াসীন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ আরও কয়েকজন ত্যাগী তরুণ নেতা।

নির্বাচনী থিম সং উদ্বোধন

বিএনপির মুখপাত্র জানান, নির্বাচনী প্রচারণার সূচনালগ্নে বুধবার রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ ২২ জানুয়ারির প্রথম প্রহরে ঢাকার লেকশোর হোটেলে বিএনপির ‘নির্বাচনী থিম সং’ উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিহউল্লাহসহ দলীয় নেতারা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

রাজনৈতিক দল ও ইসির প্রতি আহ্বান

মাহাদী আমীন বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সব রাজনৈতিক দলের প্রতি নির্বাচন আচরণবিধি মেনে সহনশীল ও গ্রহণযোগ্য প্রচারণা চালানোর আহ্বান জানান।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাসায় বাসায় গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কাছে বিএনপির আহ্বান—লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, যাতে একটি অবাধ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ, জাকারিয়া, জুবায়ের বাবু, মোস্তাকুর রহমান এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান উপস্থিত ছিলেন।