নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটেই হয়ে গেছে: নাহিদ ইসলাম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:২৯ পূর্বাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘নোট অব ডিসেন্ট’-সংক্রান্ত সিদ্ধান্ত গণভোটের মাধ্যমেই চূড়ান্ত হয়েছে বলে দাবি করেছেন নাহিদ ইসলাম।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা—প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে—‘জুলাই সনদ’-এ স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: চরমোনাই পীরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, তারা ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখে সনদে স্বাক্ষর করেছেন এবং গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়নের শর্তে এতে সম্মতি দিয়েছেন। তার ভাষ্য, শুরুতে তারা সই করেননি; পরবর্তীতে তাদের দাবির প্রেক্ষিতে ‘জুলাই জাতীয় সনদ’ আদেশ জারি করা হয়। সেই আদেশের ভিত্তিতেই এবারের নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, গণভোটে জনগণের রায় সংস্কার ও ন্যায়ের পক্ষে এসেছে। আজকের স্বাক্ষরের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ’ পূর্ণতা পেয়েছে। এখন সংস্কার পরিষদে এই সনদ এবং গণভোটের আদেশ অনুযায়ী সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন: বিএনপি সংসদীয় দলের সভা ডেকেছে

নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি সংসদ নির্বাচনে অংশ নিয়েছে এবং তারা সংসদে যাচ্ছে। জুলাই জাতীয় সনদ ও সংস্কারের প্রত্যাশা বাস্তবায়ন করাই তাদের রাজনৈতিক ম্যান্ডেট।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের শেষ দিনে সরকারের আমন্ত্রণে তারা ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করতে যমুনায় যান। আগে সনদে সই না করার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, তখন সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়ায় স্বাক্ষরের অর্থবহতা ছিল না।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।