শহীদ আব্দুল্লাহ’র ক্যান্সার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সারে আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রবিবার সন্ধ্যায় (০১ মার্চ ২০২৬) গুলশানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের হাতে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ ও শাকিল আহমেদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ. কে. এম. মনজুরুল ইসলাম, দ্য ডেইলি সানের ডেপুটি এডিটর মোহাম্মদ আল আমিন, দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র প্রতিবেদক এনামুল হক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির
প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। ইতিপূর্বে তাকে কেমোথেরাপি, রেডিওথেরাপিসহ সম্পূর্ণ খরচ ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে প্রদান করা হয়েছে।
কয়েক দিন আগে জিসানের শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ায় ডাক্তারদের পরামর্শে পুনরায় বিভিন্ন টেস্টসহ ওষুধ দেওয়া হয়। সেই চিকিৎসার আর্থিক সহায়তাও প্রদান করছেন তারেক রহমান।
শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রসঙ্গত, আব্দুল্লাহ বিন জাহিদ গত ৫ আগস্ট ২০২৪ রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। বড় ছেলে মারা যাওয়ার ১৪ দিনের মাথায় তার মা জানতে পারেন, তার ১৪ বছর বয়সী ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান কোলন ক্যানসারে (তৃতীয় পর্যায়) আক্রান্ত।





