গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এ সংসদ চলতে পারে না: মামুনুল হক

Sanchoy Biswas
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ৫:২৫ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বর্তমান সরকার গণভোট, গণরায় এবং সংস্কারের বিষয়ে টালবাহানা করছে, যা আমরা মেনে নেব না। অথচ এই সংস্কার সকল রাজনৈতিক দলের ঐকমত্য এবং গণ-অভ্যুত্থানের প্রধান প্রত্যাশা ছিল।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের শহীদ গার্ডেনে আয়োজিত নাগরিক সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

সমাবেশ শেষে দেশের চলমান রাজনৈতিক ও সংসদীয় পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এ সংসদ চলতে পারে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা তীব্র আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এ রায় বাস্তবায়ন করাতে বাধ্য হব।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতী মুহাম্মদুল্লাহ বলেন, বিএনপি গণভোট নিয়ে টালবাহানা করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।

আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শারাফাত হুসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আরিফুজ্জামান আরিফ, ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লালসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। ছাত্র সংগঠনের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মুহাম্মদ শাহরিয়ার আলম। তিনি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) জেলা শাখা। এতে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।

শেষে সভাপতির বিশেষ মোনাজাতের মাধ্যমে নাগরিক সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।