ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ক্ষমতাসীন দল বিএনপির সমালোচনা করে বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর জুলুম-নির্যাতনের শিকার হওয়ার পরও তারা অতীত থেকে শিক্ষা নেয়নি। বরং সাবেক ফ্যাসিস্ট সরকারের নানা কর্মকাণ্ডের প্রতিফলন এখন বিএনপির আচরণে দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেবো, জুলাই দেবো না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিরোধী রাজনৈতিক দল, আলেম-ওলামা, সাংবাদিক, সুশীল সমাজ, ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করে বর্তমান সরকারকে আত্মসমালোচনার আহ্বান জানান তিনি। তার দাবি, বিরোধী মত দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগ—যেসব কৌশল অতীতে ব্যবহার করা হয়েছিল, বর্তমান সরকারও একই পথে হাঁটছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং গণভোটে জনগণ তাদের মতামত দিয়েছে। জনগণের সেই রায়কে সম্মান জানানো উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম কারণ ছিল বৈষম্য ও জনগণের ভোটের প্রতি অসম্মান, তাই জনগণের মতামতের মূল্যায়ন করা প্রয়োজন।

আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মো. সামসুল আলমের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, একজন রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়ায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। তার ভাষ্য, সামনে গুরুত্বপূর্ণ নির্বাচন থাকায় এ ধরনের নিয়োগ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিচ্ছে।

তিনি আরও বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা ও যোগ্যতার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।