১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:০১ পূর্বাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হয়েছে। ঢাকা থেকে খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়ামুখী এই কর্মসূচি শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হয়।

লংমার্চ শুরুর আগে সেখানে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আরও পড়ুন: তাহসিফের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক, ভিডিও ফাঁস নিয়ে কী বলেছিলেন তিনি?

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচএম হামিদুর রহমান আযাদের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী বেলাল হোসেন।

সমাবেশে হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের দাবি আদায়ের লক্ষ্যেই এই লংমার্চের আয়োজন করা হয়েছে। অবিলম্বে সংবিধান সংস্কার কমিটি গঠন করে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। অন্যথায় সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

আরও পড়ুন: রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

উদ্বোধনী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী এবং আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু।

এ ছাড়া বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।