জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত কাদের গনি চৌধুরী

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:১৩ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরীর ৫৩তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘আড্ডা’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। 

আরও পড়ুন: বাড়িতে ডিজে পার্টি, সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য কমিশনের কমিশনার এস এ এম মাহফুজুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানী ও সাখাওয়াত হোসেন বাদশা, ডিইউজে’র সহ-সভাপতি রাশেদুল হক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল।   

আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন ও শাহনাজ বেগম পলি, বিএফইউজে’র সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাসস-এর ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, প্রধান বার্তা সম্পাদক (ইংরেজি) মো. মানিকুল আজাদ, সিটি এডিটর হারুন আল নাসিফ, প্রধান প্রতিবেদক (ইংরেজি) জি এম রাজিব হোসেন, বাসসের বিজনেস এডিটর এস এম রাশিদুল ইসলাম, নিউজ কনসালট্যান্ট খোন্দকার কাওছার হোসেন, ডিইউজে’র নির্বাহী সদস্য এম মোশাররফ হোসাইন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পণ, সংগঠনটির সাবেক সভাপতি আবদুর রহমান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন হোসেন এবং ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এ কে এম রাশেদ শাহরিয়ার। 

আরও পড়ুন: ফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সাধারণ সম্পাদক ও বাসসের প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিএফইউজে, ডিইউজে, ডিআরইউ এবং জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ কাদের গনি চৌধুরীর কর্মময় জীবন, সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার আদায় এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার সাহসী ভূমিকার কথা তুলে ধরেন।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, ‘তুমি এসেছো বলেই পৃথিবীতে এত ফুল ফুটেছে, তুমি এসেছো বলেই রাতগুলো জ্যোৎস্নাময় হয়েছে। শুভ জন্মদিন, গনি’। 

তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান বলেন, কাদের গনি চৌধুরীর নেতৃত্ব, পেশাদারিত্ব ও সাংবাদিকতা নিয়ে সুদূরপ্রসারী স্বপ্ন তার জনপ্রিয়তার অন্যতম কারণ। এ সময় সাংবাদিকতায় পেশাদারিত্ব ফিরিয়ে আনা এবং শুদ্ধ সাংবাদিকতার চর্চা প্রতিষ্ঠায় সাংবাদিক নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, কাদের গনি চৌধুরীর কর্মজীবনের পথ মসৃণ ছিল না। নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতা মোকাবিলা করেই তিনি আজকের অবস্থানে এসেছেন। 

ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম তাকে ‘ঐক্যের প্রতীক’ আখ্যা দিয়ে বলেন, কাদের গনি চৌধুরী আছেন বলেই সাংবাদিকদের ঐক্য ও নেতৃত্ব আছে। তিনি অনন্তকাল সাংবাদিক সমাজের নেতৃত্ব দিয়ে যাবেন বলে আমরা প্রত্যাশা করি। 

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল কাদের গনি চৌধুরীর সুস্বাস্থ্য কামনা করে তার নেতৃত্বে গণতন্ত্র ও সাংবাদিকতার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ডিআরইউ’র সাবেক সভাপতি মুরসালিন নোমানী বলেন, কাদের গনি চৌধুরী কখনও আদর্শের সঙ্গে আপস করেননি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর দায়িত্ব গ্রহণের পর তার সুদক্ষ ব্যবস্থাপনায় গত ২ মাসে সংস্থার প্রতিবেদন প্রকাশের সংখ্যা আগের তুলনায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

সভাপতির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, কাদের গনি চৌধুরী রাজপথের লড়াকু অগ্রসেনানী এবং অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ একজন নেতা। বিগত দীর্ঘদিনের স্বৈরশাসন ও অন্ধকার সময়ে রাজপথে ঝুঁকি নিয়ে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে তার অপরিসীম ভূমিকা ছিল। সাংবাদিকদের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং রুটি-রুজির আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি সহকর্মীদের ভালোবাসা অর্জন করেছেন।

তিনি আরও বলেন, কাদের গনি চৌধুরীর নেতৃত্বে বাসস হারানো গৌরব ফিরে পেতে শুরু করেছে। তার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে সংস্থাটি আরও বিকশিত হবে এবং দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও সম্মান অর্জন করবে বলে আশা প্রকাশ করেন কবি হাসান হাফিজ।

অনুষ্ঠানে কাদের গনি চৌধুরী তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আপনজন এবং প্রিয় সহকর্মীদের প্রতি, যারা আজকে এমন সুন্দর ও বর্ণাঢ্য আয়োজন করেছেন। এমন আয়োজনে আমি যেমন আনন্দিত, তেমনি আমার চিন্তা হচ্ছে- এই ভালোবাসার ভার সইতে পারবো কিনা, এই ভালোবাসার সম্মান-মর্যাদা আমি রাখতে পারব কিনা। তিনি বলেন, আপনাদের এই ভালোবাসা, এই শুভেচ্ছা আমাকে আমার দায়িত্বের প্রতি আরও বেশি যত্নশীল করবে, এটাই বিশ্বাস করি। 

বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আরও বলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন এ দেশের তরে, দেশের মাটি ও মানুষের জন্য, সভ্যতা ও মানবতার জন্য, সাংবাদিকদের এবং পেশাজীবীদের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে পারি। 

সত্যকে সত্য, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার যে রীতি সাংবাদিকদের রয়েছে, সেটাকে মেনে চলার প্রত্যয় ব্যক্ত করে কাদের গনি চৌধুরী বলেন, ‘আপনাদের দোয়া চাই। আসুন, আমরা সবাই একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলি। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে সাংবাদিক নির্যাতন হবে না এবং গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা নিশ্চিত হবে। আমরা সেই মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রত্যেকে এগিয়ে আসি। 

এদিকে বক্তব্যের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় প্রেস ক্লাব মসজিদের ইমাম মাওলানা মনিরুজ্জামান। অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য এ আয়োজনের সমাপ্তি হয়।

এর আগে দুপুরে বাসস কার্যালয়ে সংস্থাটির সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরীকে।

সূত্র: বাসস