ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩১ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তরে দলটির প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে আবু সাদিক কায়েমের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচনের জন্য দল সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে মাঠপর্যায়ের ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনগুলোতে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে। অনেক জায়গায় অভ্যন্তরীণভাবে প্রার্থী ঘোষণাও করা হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনেও জামায়াত নির্বাচনে অংশ নেবে। সাংগঠনিকভাবে এখানেও প্রার্থী মনোনীত করা হয়েছে। সময়মতো আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এরই মধ্যে গণমাধ্যমে এসেছে, ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম

মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং দলটির ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। জামায়াতে ইসলামীতে যোগদানের আগে তিনি দলটির ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

সম্প্রতি বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ এবং ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির মাধ্যমে খাল পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী হিসেবে আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পরবর্তীতে ২০২৫ সালের সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে তিনি ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হন। এছাড়া ২০২৪ সেশনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং পরবর্তীতে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পাওয়া সাদিক কায়েমকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে তরুণ ভোটারদের সমর্থন আদায়ের পরিকল্পনা করছে জামায়াতে ইসলামী।