লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩১০ বাংলাদেশি
অবৈধভাবে লিবিয়ায় অবস্থানরত এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ৩১০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়া সরকারের সহায়তায় এই বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় তাদের বহনকারী চার্টার্ড ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফেরত আসাদের মধ্যে কয়েকজন অসুস্থ ও অপহরণের শিকার হয়ে উদ্ধার হওয়ার পর দেশে ফিরেছেন। তবে বেশিরভাগই অবৈধভাবে লিবিয়ায় বসবাস করছিলেন।
আরও পড়ুন: বিবিসিসিআই’র নতুন ডিরেক্টর জহিরুল ইসলাম সিআইপি
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, এবার মিসরাতা শহর থেকে ২১১ জন এবং ত্রিপলি থেকে ৯৯ জন অভিবাসী দেশে ফেরেন। তাদের মধ্যে দুজন নারীও রয়েছেন। এ নিয়ে চলতি মাসে তিনটি ফ্লাইটে মোট ৯২৮ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গত দুই বছরে একই প্রক্রিয়ায় ৭ হাজারেরও বেশি বাংলাদেশি দেশে ফিরেছেন।
বর্তমানে ত্রিপলি ও বেনগাজীর আটক কেন্দ্রে আরও কিছু বাংলাদেশি অবস্থান করছেন, যাদের দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দূতাবাস।
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ত্রিপলীর অভ্যর্থনা কেন্দ্রে প্রত্যাবাসিতদের বিদায় জানান। তিনি প্রত্যাবর্তনকারীদের উদ্দেশে বলেন, “দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করুন, পরিবারের পাশে থাকুন এবং মানবপাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখুন।”
সরকার আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে মানবপাচার রোধ ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া আরও জোরদার হবে।





