খাদ্য সংকটের ঝুঁকিতে বাংলাদেশ, বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা

Shahrier Islam Pallab
শামসুজ্জামান শামস
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
  • দেশে খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
  • মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশ হতে পারে
  • এ বছর জলাবদ্ধতায় প্রায় ৮০ হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত 
  • প্রায় ১৬ লাখ টন চাল আমদানির প্রয়োজন হতে পারে : এফএও
  • দুই কোটি মানুষ নতুন করে দরিদ্র হওয়ার ঝুঁকিতে রয়েছে : দেবপ্রিয়
  • জ্বালানি ও ইউরিয়া সারের বড় অংশই মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি হয়ে আসে

দেশে চার বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। মূল্যস্ফীতির তুলনায় আয় ও মজুরি না বাড়ায় বিপুলসংখ্যক মানুষের প্রকৃত আয় কমে গেছে। উপরন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে পরিস্থিতি আরও নাজুক হয়েছে। দারিদ্র্যের হার উদ্বেগজনকভাবে বেড়েছে এবং তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশে খাদ্য কেনার সামর্থ্য হারাচ্ছে বিপুলসংখ্যক মানুষ। উচ্চ মূল্যস্ফীতি, আয় ও কর্মসংস্থানের সংকটের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দেশে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এর মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার। দারিদ্র্যসীমার ওপরে থাকলেও আরো অন্তত দুই কোটি মানুষ নতুন করে দরিদ্র হওয়ার ঝুঁকিতে রয়েছে। মাত্র দুই দিন কাজ করতে না পারলেই তাদের অনেকে আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারেন। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। গতকাল রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে, চলতি বছরে বাংলাদেশে ধানের মোট উৎপাদন প্রায় ৬ কোটি ১৯ লাখ টন হতে পারে, যা গত চার বছরের গড় উৎপাদনের চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি। এছাড়া সরকারি গুদামেও ২১ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুত রয়েছে, যার মধ্যে প্রায় ১৮ লাখ টন চাল। তবে বন্যায় ফসলের ক্ষতির কারণে বাজার স্থিতিশীল রাখতে ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ১৬ লাখ টন চাল আমদানির প্রয়োজন হতে পারে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পূর্বাভাস বলছে, চলতি বছরে খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকতে পারে দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ। বছরের শুরুর তুলনায় এ সংখ্যা ২৮ লাখ বেশি। ডব্লিউএফপির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকি বৃদ্ধির পেছনে একাধিক কারণ কাজ করছে। পণ্যের উচ্চমূল্য ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি বন্যায় কৃষিজমির ক্ষতি, শিশুদের অপুষ্টি এবং রোহিঙ্গা শরণার্থীদের খাদ্যসহায়তা অব্যাহত রাখা নিয়ে অনিশ্চয়তা পরিস্থিতিকে জটিল করে তুলছে। খাদ্যের জোগান থাকলেও তা কেনার সামর্থ্য অনেক পরিবারের নেই। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, বর্তমানে বাজারে মোটা চালের কেজি অন্তত ৫০ টাকা। খোলা আটার দামও কেজিপ্রতি প্রায় ৫০ টাকা। ফলে সীমিত আয়ের মানুষের মাসিক ব্যয়ের বড় অংশ চলে যাচ্ছে খাবার কিনতে। খাদ্যপণ্যের দাম বাড়ার প্রবণতা শুরু হয় ২০২২ সালের প্রথম দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর। ২০২৪ সালের জুলাইয়ে দেশে খাদ্য মূল্যস্ফীতি ১৪ শতাংশ ছাড়িয়ে যায়, যা প্রায় এক যুগের মধ্যে সর্বোচ্চ। পরবর্তী কয়েক মাসও এ হার ১০ শতাংশের ওপরে ছিল। বর্তমানে মূল্যস্ফীতির হার কমলেও পণ্যের দাম কমে আগের অবস্থায় ফেরেনি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ । তবে মাসওয়ারি কমলেও গত বছরের একই মাসের (অক্টোবর ২০২৫) তুলনায় সার্বিক মূল্যস্ফীতি এখনো কিছুটা বেশি রয়েছে। গত বছরের ঐ মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ । অর্থনীতির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশে নেমে আসতে পারে। একই সময়ে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশ হতে পারে। প্রবৃদ্ধির ধীরগতি ও মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকলে মানুষের আয়, ক্রয়ক্ষমতা এবং বিনিয়োগের পরিবেশ আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কৃষি উৎপাদনেও দুর্যোগের প্রভাব পড়েছে। ডব্লিউএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বন্যা ও জলাবদ্ধতায় প্রায় ৮০ হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে ২ লাখ ৩০ হাজার কৃষক পরিবার এবং ১৩ লাখ মানুষ। কৃষিজমি নষ্ট হওয়ায় একদিকে উৎপাদন ব্যাহত হয়েছে, অন্যদিকে কৃষির ওপর নির্ভরশীল বহু মানুষের আয়ের পথ সংকুচিত হয়েছে। ডব্লিউএফপি সতর্ক করেছে, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি ও সার পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় বাংলাদেশে খাদ্য উৎপাদন ঝুঁকিতে পড়তে পারে। একই সময়ে এফএও, ইফাদ, ইউনিসেফ, ডব্লিউএফপি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২০২৫ সময়ে বাংলাদেশের চার কোটি ৫৪ লাখ মানুষ মাঝারি বা তীব্র খাদ্য অনিরাপত্তার মধ্যে ছিল। অর্থাৎ, প্রতি চারজনের একজনেরও বেশি মানুষ নিয়মিত পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করতে পারেননি। ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা অমান্য করে প্রণালি অতিক্রমের চেষ্টা করা কয়েকটি জাহাজে হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের জন্য এর তাৎপর্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, দেশের আমদানি করা জ্বালানি ও ইউরিয়া সারের বড় অংশই মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি হয়ে আসে। ডব্লিউএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ব্যবহৃত ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়। হরমুজ প্রণালি বন্ধ থাকায় এসব দেশ থেকে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে দেশে যে পরিমাণ ইউরিয়া মজুত রয়েছে, তা দিয়ে নভেম্বর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হবে। কিন্তু এর পর সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি জটিল হতে পারে।

আরও পড়ুন: প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে। একই সঙ্গে গ্যাস সংকটের কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া কারখানার মধ্যে তিনটির উৎপাদন বন্ধ রয়েছে। ফলে আমদানির ওপর নির্ভরতা আরও বেড়েছে।

ডব্লিউএফপির আশঙ্কা, সার সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এতে খাদ্যপণ্যের দাম আরও বাড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটবে। খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলায় সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদ আবু সালেহ সুফিয়ান বলেন, সংকট মোকাবিলায় সরকারের প্রথম কাজ হওয়া উচিত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চিহ্নিত করে তাদের কাছে দ্রুত ও কার্যকর সহায়তা পৌঁছে দেওয়া। তিনি বলেন, নিম্ন আয়ের পরিবার, দিনমজুর, কৃষিশ্রমিক, নারীপ্রধান পরিবার এবং দুর্যোগকবলিত এলাকার মানুষের জন্য খাদ্যসহায়তা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি ন্যায্যমূল্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি এবং প্রকৃত অভাবগ্রস্ত পরিবারগুলোর জন্য লক্ষ্যভিত্তিক নগদ সহায়তার পরিধি বাড়াতে হবে। বাজারে কৃত্রিম সংকট ও পণ্যের দাম নিয়ে কারসাজি ঠেকানোর ওপরও গুরুত্ব দেন আবু সালেহ সুফিয়ান। তার মতে, মজুতদারি প্রতিরোধে নিয়মিত নজরদারি এবং খাদ্যপণ্যের সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে খাদ্য সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী?