অভিনয়ে নিয়মিত নন তবে সম্পদে শাহরুখের পরেই তিনি, কে এই অভিনেত্রী ?

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬
ছবিঃ আইএমডিবি, ইনস্টাগ্রাম
ছবিঃ আইএমডিবি, ইনস্টাগ্রাম

নব্বইয়ের দশকে বলিউড মাতানো অভিনেত্রী জুহি চাওলা এখন আর নিয়মিত সিনেমায় অভিনয় করেন না। তবে অভিনয়ের ব্যস্ততা কমলেও ব্যবসায়িক সাফল্যে তিনি ছাড়িয়ে গেছেন সমসাময়িক অনেক তারকাকে। হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের ২০২৫ সালের হিসাব অনুযায়ী, জুহি ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ প্রায় ৭ হাজার ৭৯০ কোটি রুপি। ভারতের ধনী তারকাদের তালিকায় শাহরুখ খানের পরেই রয়েছে তাঁদের অবস্থান। ১৩ নভেম্বর ছিল জুহি চাওলার জন্মদিন। ১৯৬৭ সালের এই দিনে ভারতের হরিয়ানার আম্বালায় জন্ম নেওয়া এই অভিনেত্রীর বয়স এখন ৫৯ বছর। 

আমির খানের বিপরীতে ‘কেয়ামত সে কেয়ামত তক’ দিয়ে ব্যাপক পরিচিতি পাওয়া জুহি পরবর্তী সময়ে ‘ডর’, ‘ইয়েস বস’, ‘ইশক’ ও ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। তবে তাঁর সম্পদের বড় অংশের পেছনে রয়েছে ব্যবসায়িক বিনিয়োগ।

আরও পড়ুন: কাদের উদ্দেশ্যে হেদায়েতের দোয়া অনন্ত জলিলের?

১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন জুহি। স্বামী ও বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় যুক্ত হন তিনি। সময়ের সঙ্গে এই দল আন্তর্জাতিক ক্রীড়াবাণিজ্যের পরিচিত ব্র্যান্ডে পরিণত হয়েছে। ক্যারিবিয়ান ও যুক্তরাষ্ট্রের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিতেও রয়েছে নাইট রাইডার্স গ্রুপের বিনিয়োগ।

শুধু ক্রিকেট নয়, বিনোদন ব্যবসাতেও শাহরুখের সঙ্গে অংশীদারত্ব রয়েছে জুহির। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গেও যুক্ত তিনি। ব্যবসায়িক বিনিয়োগ, পারিবারিক প্রতিষ্ঠান ও ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির সাফল্য মিলিয়েই গড়ে উঠেছে তাঁদের বিপুল সম্পদের সাম্রাজ্য।

আরও পড়ুন: মুক্তি পেল সাড়া জাগানো তুর্কি সিনেমা ‘সয়’

অভিনয়েও পুরোপুরি বিরতি নেননি জুহি। সাম্প্রতিক বছরগুলোতে ‘হাশ হাশ’, ‘শর্মাজি নমকিন’ ও ‘দ্য রেলওয়ে মেন’-এর মতো প্রজেক্টে দেখা গেছে তাঁকে। পর্দার জনপ্রিয়তা থেকে ব্যবসায়িক সাফল্য—দুই ক্ষেত্রেই নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।