একক কনসার্টে ফের বাপ্পা মজুমদার
দীর্ঘদিন পর আবারও একক কনসার্ট নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। প্রায় আড়াই বছর পর বড় পরিসরের এই সংগীত আয়োজনের মধ্য দিয়ে মঞ্চে ফিরছেন তিন দশকের বেশি সময় ধরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী।
‘মুনলাইট মেলোডিজ’ নামের কনসার্টটি আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। গতকাল (১৩ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের পোস্টার প্রকাশ করে নিজেই এ আয়োজনের ঘোষণা দেন বাপ্পা মজুমদার। একই সঙ্গে ভক্ত-শ্রোতাদের দিনটি মনে রাখার অনুরোধও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ২৬ সেপ্টেম্বর ঢাকায় আসছে কাভিশ
কনসার্টটির আয়োজনে রয়েছে ম্যাভিক্স নামের একটি প্রতিষ্ঠান। তবে এখনো টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়নি। আয়োজকদের পক্ষ থেকে শিগগিরই টিকিট ছাড়ার কথা জানা গেছে। তখন টিকিটের মূল্য, আসন বিন্যাস এবং কনসার্টের অন্যান্য নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
বাপ্পা মজুমদারের একক কনসার্টের ঘোষণা আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। শিল্পীর পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই নিজেদের আনন্দের কথা জানিয়েছেন। পাশাপাশি বেশ কয়েকজন এরই মধ্যে কনসার্টে সরাসরি উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: কিংবদন্তি লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে হারানোর এক বছর
দীর্ঘ সংগীতজীবনে বাপ্পা মজুমদার প্রথম একক কনসার্ট করেন ২০২২ সালে। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মতো একক আয়োজনে গান পরিবেশন করেন তিনি। এর বাইরে গত বছরের জুলাইয়েও একটি একক কনসার্টে অংশ নিয়েছিলেন এই শিল্পী। তবে সেই আয়োজনটি ছিল তুলনামূলক ছোট পরিসরের।
এবারের আয়োজনটি বড় পরিসরে হওয়ায় ভক্তদের আগ্রহও বেশি। ধারণা করা হচ্ছে, ‘মুনলাইট মেলোডিজ’-এ নিজের জনপ্রিয় গানগুলো নিয়ে মঞ্চ মাতাবেন বাপ্পা মজুমদার। দীর্ঘ ক্যারিয়ারে তাঁর কণ্ঠে শ্রোতারা পেয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।
তিন দশকের বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত বাপ্পা মজুমদার এখনো নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। গান প্রকাশের পাশাপাশি বিভিন্ন কনসার্ট ও ইনস্ট্রুমেন্টাল পরিবেশনার মাধ্যমেও শ্রোতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। এবার বড় আয়োজনে তাঁর একক পরিবেশনা উপভোগের অপেক্ষায় রয়েছেন সংগীতপ্রেমীরা।





