রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:২৮ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন হয়।

আরও পড়ুন: জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও বিসিকের মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও গবেষণা) ড. মো. ফরহাদ আহমেদ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জান্নাতুল মাওয়া মুন, বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. জাবেদ ইকবাল, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক (সিএসই) মো. তারিকুল ইসলাম, সংগীত বিভাগের প্রভাষক বাবুল হোসেন এবং অর্থনীতি বিভাগের প্রভাষক একরামুল হাসান রয়েছেন।

আরও পড়ুন: গাকৃবিতে দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রশিক্ষণ কর্মসূচিতে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগী অনুষদ সদস্য মো. তানজিম হোসেন। কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন বিটিআইয়ের সহকারী অনুষদ সদস্য মিফতাহুল জান্নাত রিপা ও মো. জুবায়ের ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উদ্যোক্তা উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা, উদ্ভাবনী চিন্তা ও ব্যবসায়িক দক্ষতা গড়ে তোলার মাধ্যমে সক্ষম ও আত্মনির্ভরশীল তরুণ প্রজন্ম তৈরি করা সম্ভব।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে ‘চাকরি খোঁজার পাশাপাশি চাকরি সৃষ্টির মানসিকতা’ গড়ে তোলাই এ প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে বিসিক দীর্ঘদিন ধরে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকদের আশা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের এ যৌথ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ ঘটানোর পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।