বিশ্ব শিশু দিবস আজ
বহুমুখী সংকটে বাংলাদেশের শিশুরা
# দেশে প্রথম ছয় মাসে নির্যাতনের শিকার ১ হাজার ৭৭ জন শিশু
# আট মাসে সহিংসতায় নিহত ২৫৪ জন
আরও পড়ুন: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন ও ক্ষতিপূরণ দিতে হবে
# প্রথম সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ
# শিশু ধর্ষণের ঘটনা বেড়েছে প্রায় ৭৫ শতাংশ
আরও পড়ুন: নিষিদ্ধ লীগের নাশকতা ঠেকাতে এবার মাঠে জুলাই ঐক্য শক্তি
প্রতি বছর ২০ নভেম্বর সারা বিশ্বে পালিত হয় বিশ্ব শিশু দিবস। ১৯৮৯ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ গৃহীত হয়েছিল। এই দিনটি কেবল শিশুদের নিয়ে উৎসব করার নয়, বরং তাদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকার নবায়নের দিন। আজকের শিশুরাই আগামী দিনের পৃথিবীর কর্ণধার। তাই একটি জাতির ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হবে, তা নির্ভর করে সেই দেশের শিশুরা কীভাবে বেড়ে উঠছে তার ওপর। এবার বিশ্বশিশু দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’। এই প্রতিপাদ্যের মূল লক্ষ্য হলো শিশুদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া এবং তাদের নিজেদের ভবিষ্যৎ নির্মাণে তাদের মতামতকে প্রাধান্য দেওয়া। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, একটি জাতির স্বপ্ন ও সম্ভাবনার মূল কারিগর। যেকোনো দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি রচিত হয় সে দেশের শিশুদের সুস্থ, সুন্দর ও নিরাপদ বেড়ে ওঠার ওপর। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বাংলাদেশের বিপুলসংখ্যক শিশু আজও তাদের মৌলিক অধিকার ও নিরাপদ শৈশব থেকে বঞ্চিত। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে অসংখ্য শিশুর হাতে বইয়ের বদলে উঠে আসছে ভারী হাতুড়ি, আবার কেউবা পুষ্টিহীনতা ও শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে বড় হচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। শিশুশ্রম, বাল্যবিয়ে, সামাজিক সহিংসতা এবং খেলার মাঠের তীব্র সংকটের মতো বহুমুখী সমস্যা আমাদের আগামীর প্রজন্মের স্বাভাবিক বিকাশকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী দেশে শিশু ও নারীর প্রতি নির্যাতন এবং সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। ঘরে, শিক্ষাপ্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে এবং জনসম্মুখে শিশুরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) সারা দেশে ১,০৭৭ জন শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৬৭৩ জন। শুধুমাত্র অক্টোবর মাসেই ২০১ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে সহিংসতায় অন্তত ২৫৪ জন শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ দেশে গড়ে প্রতিদিন একজন করে শিশু সহিংসতার শিকার হয়ে মারা যাচ্ছে।
২০২৬ সালের প্রথম সাত মাসে শিশু ধর্ষণের ঘটনা গত বছরের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বেড়েছে। প্রথম আট মাসে ৪১৬ জন শিশু ধর্ষণ বা ধর্ষণচেষ্টার শিকার হয়েছে, যাদের মধ্যে ছয় বছরের কম বয়সী শিশুও রয়েছে।
চলতি বছরের প্রথম সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে, যার মধ্যে দুই হাজারের বেশি শিশুর কোনো খোঁজ মেলেনি।
সমাজবিজ্ঞানী কাওসার জাহান বলেন, বাংলাদেশের শিশুদের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে রাষ্ট্র, সমাজ এবং পরিবারকে একযোগে কাজ করতে হবে। শিশুশ্রম সম্পূর্ণরূপে নির্মূল করতে দরিদ্র পরিবারগুলোর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি, যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কর্মমুখী ও আনন্দদায়ক করে তুলতে হবে যাতে কোনো শিশুই ঝরে না পড়ে।’
শিশুদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া এবং খেলাধুলা ও সৃজনশীল চর্চার পর্যাপ্ত সুযোগ তৈরি করাও অত্যন্ত জরুরি। বর্তমানে দারিদ্র্য ও অসচেতনতার কারণে দেশের অসংখ্য শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত রয়েছে। বই-খাতা হাতে বিদ্যালয়ে যাওয়ার বয়সে তাদের উপার্জনের তাগিদে কঠিন কাজ করতে হচ্ছে। পাশাপাশি পরিবার, কর্মক্ষেত্র ও সমাজের বিভিন্ন স্তরে শিশু নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। শিশুদের প্রতি এই অবহেলা ও সহিংসতা একটি জাতির ভবিষ্যৎ অগ্রগতিকে বাধাগ্রস্ত করে।
আইনজীবি ফাহাদ করিম সোহাগ বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে কঠোর শাস্তির বিধান (সংশোধিত আইন ২০২৬ অনুযায়ী মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন) থাকলেও মামলা দায়ের না হওয়া, তদন্তে ধীরগতি এবং শিশু আদালতে হাজার হাজার মামলা ঝুলে থাকার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে সামাজিক লোকলজ্জার ভয়ে পরিবারগুলো নির্যাতনের ঘটনা গোপন রাখে বা আপস করে ফেলে, যা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে।এ বারের দিবসটির মূল লক্ষ্য হলো শিশুদের মৌলিক অধিকার রক্ষা করা এবং একটি শিশুশ্রম ও নির্যাতনমুক্ত নিরাপদ সমাজ গড়ে তোলা। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বর্তমানে দারিদ্র্য ও অসচেতনতার কারণে দেশের অসংখ্য শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত রয়েছে। বই-খাতা হাতে বিদ্যালয়ে যাওয়ার বয়সে তাদের উপার্জনের তাগিদে কঠিন কাজ করতে হচ্ছে। পাশাপাশি পরিবার, কর্মক্ষেত্র ও সমাজের বিভিন্ন স্তরে শিশু নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশে কঠোর আইন ও নীতিমালা রয়েছে। জরুরি প্রয়োজনে শিশু সহায়তা হেল্পলাইন ‘১০৯৮’ এবং জাতীয় হেল্পলাইন ‘১০৯’ সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে। তবে শুধু আইনের প্রয়োগই যথেষ্ট নয়, এর পাশাপাশি পারিবারিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও ভালোবাসাময় পৃথিবী গড়ে তোলা রাষ্ট্র ও সমাজের সবার নৈতিক দায়িত্ব। বিশ্ব শিশু দিবসের এই শুভক্ষণে আমাদের সবার অঙ্গীকার হোক— আর কোনো শিশু যেন শ্রমের বোঝা বইতে বাধ্য না হয় এবং কোনো শিশুই যেন নির্যাতনের শিকার না হয়।





