তুরস্ককে উড়িয়ে নেশনস লিগে ইতালির জয়

Shahrier Islam Pallab
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:১০ পূর্বাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বস্তি ফিরেছে ইতালির শিবিরে। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়ে ফেরার স্বস্তি।তুরস্ককে উড়িয়ে নেশনস লিগে জয় পেয়েছে ইতালি। সেটিও প্রতিপক্ষের মাঠে পাওয়া দাপুটে এক জয়। আতাতুর্ক স্পোর কমপ্লেক্সিতে তুরস্ককে ৪-১ ব্যবধানে হারিয়েছে ইতালি। কোচ রবার্তো মানচিনির শিষ্যরা প্রথমার্ধেই জয়টা নিশ্চিত করেছে।

কেননা ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতালি। প্রথমার্ধে গোল করা তিন নায়ক হচ্ছেন—আলেসান্দ্রো বাস্তোনি, দাভিদে ফ্রাত্তেসি, মাইকেল কায়োদে। পরে ৫০ মিনিটে তুরস্কের জালে শেষ পেরেক মারেন ফ্রান্সিসকো এসপোসিতো। তার গোলের আগে ৪৭ মিনিটে ব্যবধান কমানো গোলটি করেন ব্যারিস আলপার ইলমাজ।

আরও পড়ুন: না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

বেলজিয়ামের কাছে হেরে যাওয়া একাদশ থেকে গতকাল ৮ পরিবর্তন আনেন মানচিনি। তার প্রতিদানও দিয়েছেন শিষ্যরা। গোলোৎসবের শুরুটা হয় নবম মিনিটে। তুরস্কের ডিফেন্ডাররা প্রতিপক্ষের নেওয়া কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ পেয়ে জোরাল শটে ইতালিকে লিড এনে দেন বাস্তোনি।

২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রাত্তেসি।

আরও পড়ুন: ঘরের মাঠে গ্রিসের কাছে হারল জার্মানি

তার গোলের রেশ শেষ না হতেই উদযাপনের মুহূর্ত এনে দেন কায়োদে। ২৭ মিনিটের গোলটি ছিল  তার জন্য বিশেষ। কেননা অভিষেকে গোল পেয়েছেন তিনি। এতে করে যেন প্রথমার্ধেই ইতালির জয় লেখা হয়ে যায় স্কোরকার্ডে।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে তুরস্ক। তার ফলও পায় ৪৭ মিনিটে। ইলমাজের গোলের আনন্দ অবশ্য বেশিক্ষণ করতে পারেনি তুরস্ক। কেননা ৫০ মিনিটে আরেকটি গোল পায় ইতালি। গোলটি করেন প্রথমবারের মতো বড় ভাই সেবাস্তিয়ানো এসপোসিতোর সঙ্গে খেলার সুযোগ পাওয়া ফ্রান্সিসকো এসপোসিতো।

ইতালির হয়ে এর আগে একসঙ্গে খেলেছেন আরও তিন জোড়া ভাই। তারা হচ্ছেন—জুসেপ্পে ও ফেলিচে মিলানো, ফিলিপ্পো ও সিমোনে ইনজাগি এবং আলদো ও লুইজি চেভেনিনি।

এ জয়ে ৩ পয়েন্ট নিয়ে নেশনস লিগের ‘এ’ গ্রুপে তিনে ইতালি। তাদের ওপরে আছে সমান ৩ পয়েন্ট পাওয়া বেলজিয়াম। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। অন্যদিকে দুই ম্যাচের কোনোটিতে জয় না পাওয়া তুরস্ক সবার শেষে।