না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালের ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। বৃষ্টির কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই বাতিল করা হয়। র্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের মাঠে নামার কথা ছিল। তবে টানা বৃষ্টি ও মাঠের প্রতিকূল পরিস্থিতির কারণে ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়নি।
বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সকালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, খেলা হচ্ছে না। এজন্য দল স্টেডিয়ামেও যাবে না।’
আরও পড়ুন: তুরস্ককে উড়িয়ে নেশনস লিগে ইতালির জয়
এর আগে কোয়ার্টার ফাইনালের আরও দুটি ম্যাচও বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচও পরিত্যক্ত হয়। মাঠের অবস্থা বিবেচনায় বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচও নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবিধায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
আগামী ১ অক্টোবর সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। নির্ধারিত ম্যাচটি বৃষ্টির কারণে অনুষ্ঠিত না হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তান জয়ী হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে বাংলাদেশকে ব্রোঞ্জ পদকের জন্য লড়তে হবে।
আরও পড়ুন: ঘরের মাঠে গ্রিসের কাছে হারল জার্মানি





