হামজা-সামিতের গোলে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৬ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরু করেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে হামজা চৌধুরী ও সামিত সোমের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগের ম্যাচেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচটি গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কাকে অন্তত দুই গোলের ব্যবধানে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। সে ক্ষেত্রে ভুটান রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠবে।

আরও পড়ুন: বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন

ভুটানের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশের খেলা খুব একটা গোছানো ছিল না। তবে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে দলটি। ম্যাচের পঞ্চম মিনিটে বক্সের সামনে থেকে ফ্রি-কিক নেন হামজা চৌধুরী। তাঁর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপরই গোলের দেখা পায় বাংলাদেশ। হামজার ডান প্রান্ত থেকে বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেননি। বক্সে থাকা সামিত সোমের প্রথম শট এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে দ্বিতীয় দফায় শট নিয়ে জালে পাঠান সামিত। এতে উল্লাসে মেতে ওঠে গ্যালারি।

আরও পড়ুন: চারশর আগেই ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান

এই ম্যাচে হামজা চৌধুরীকে দেখা যাচ্ছে আক্রমণাত্মক মিডফিল্ডারের ভূমিকায়। সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও আজ বাংলাদেশের আক্রমণ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। ভুটানের বিপক্ষে গোল করা মোহাম্মদ ইব্রাহিম খেলছেন স্ট্রাইকার পজিশনে।

প্রথম গোলে অবদান রাখার পর দ্বিতীয় গোলটি নিজেই করেন হামজা। ইব্রাহিমের বাড়ানো বল বক্সের মধ্যে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর এক ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যান। সামনে থাকা গোলরক্ষক পেরেরাকে পরাস্ত করে জোরালো শটে বল জালে পাঠান হামজা। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর পঞ্চম গোল।

এর আগেও গোলের সুযোগ তৈরি করেছিলেন হামজা। বক্সের মধ্যে প্রতিপক্ষের খেলোয়াড়কে কাটিয়ে ব্যাকহিল শট নিলেও বল পোস্টের সামান্য ওপর দিয়ে চলে যায়।

এক গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে শ্রীলঙ্কা। কয়েকটি আক্রমণ করলেও সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি দলটি। বাংলাদেশের ডিফেন্ডার জিদান ইউসুফও রক্ষণভাগে দক্ষতার পরিচয় দিয়েছেন।

প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ। এখন দ্বিতীয়ার্ধে এই ব্যবধান ধরে রেখে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য থাকবে হামজা-সামিতদের।