বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: চার সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত
শ্রীলঙ্কা উপকূল ও দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের চারটি প্রধান সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন: ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
শনিবার (২৯ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: রাজধানীসহ দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, দমকা হাওয়ার আশঙ্কা
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৮৮০ কি.মি., কক্সবাজার বন্দর থেকে ১৮৩০ কি.মি., মোংলা বন্দর থেকে ১৭৫০ কি.মি. এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৭৫৫ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঘূর্ণিঝড়টি আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়কেন্দ্রের ৫৪ কি.মি. এলাকার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি., যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত উত্তাল রয়েছে।
এ অবস্থায় বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। পাশাপাশি সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





