দেশের ১০ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতাত
রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১০টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: সক্রিয় ‘বৃষ্টিবলয় গর্জন’: ঢাকাসহ ৮ বিভাগেই কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা
এই সতর্কতার আওতায় থাকা অঞ্চলগুলো হলো—ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন: দেশে প্রবেশ করছে বৃষ্টিবলয় ‘গর্জন’
এর আগে বুধবার সন্ধ্যায় প্রকাশিত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা থাকতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।





