দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

চার জেলায় দুপুরের মধ্যেই কালবৈশাখীর সতর্কতা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ন, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:০৫ পূর্বাহ্ন, ১০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের চার জেলায় দুপুরের মধ্যেই কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: দেশের ১০ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতাত

অন্যদিকে, রাজধানী ঢাকার আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আভাস দেওয়া হয়েছে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

আরও পড়ুন: সক্রিয় ‘বৃষ্টিবলয় গর্জন’: ঢাকাসহ ৮ বিভাগেই কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা

পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে এবং মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গতকাল রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।